নারায়ণগঞ্জে আইনজীবী হত্যার সূত্র খুঁজে পায়নি পুলিশ
নারায়ণগঞ্জের প্রবীণ আইনজীবী ও জেলা জাতীয় পার্টির (এরশাদ) সাবেক আহ্বায়ক মহিউদ্দিন আলতাফ (৬৫) খুনের ঘটনার সূত্র খুঁঁজে পায়নি পুলিশ। ময়নাতদন্ত শেষে গতকাল শুক্রবার বিকেলে তাঁর লাশ দাফন করা হয়েছে।এদিকে জেলা আইনজীবী সমিতি মহিউদ্দিনের হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবিতে কাল রোববার আদালতে কর্মবিরতি পালনের ঘোষণা করেছে। তবে জেলা জাতীয় পার্টি এ ব্যাপারে গতকাল রাত পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি।বৃহস্পতিবার গভীর রাতে নিহত মহিউদ্দিনের মেয়ের করা মামলার এজাহারে উল্লেখ করা হয়, বুধবার নফল রোজার ইফতার শেষ করে মহিউদ্দিন আয়কর আইনজীবীর সঙ্গে দেখা করার কথা বলে আলীনগরের বাড়ি থেকে বের হন। উপজেলা পরিষদের সামনে এক দোকানি জানিয়েছেন, হেঁটে সেখান থেকে রিকশায় ওঠেন মহিউদ্দিন। তাঁর সঙ্গে বোরকা পরা এক নারীকে দেখা গেছে। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার রাত ১১টায় বন্দর উপজেলার চিতাশাল এলাকায় মদনগঞ্জ-মদনপুর সড়কের পাশের একটি ঝোপ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।নিহত মহিউদ্দিনের গলায় লাল গামছা পেঁচানো ছিল। তাঁর মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন ছিল। তাঁর জিহ্বা বের হয়ে গেছে। তাই ধারণা করা হয়, তাঁকে শ্বাসরোধে ও পিটিয়ে হত্যা করা হয়েছে।মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে গতকাল বেলা তিনটায় মহিউদ্দিনের লাশ আলীনগরের বাড়িতে আনা হয়। এ সময় তাঁর স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। আলম চাঁন স্কুল অ্যান্ড কলেজের মাঠে জানাজা শেষে তাঁর মরদেহ আলীনগর কবরস্থানে দাফন করা হয়।পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, মহিউদ্দিন কয়েক বছর রাজনীতি থেকে দূরে ছিলেন। আইনজীবী মহলে তাঁর গ্রহণযোগ্যতা ছিল। এক যুগ ধরে তিনি জেলা আইনজীবী সমিতির নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ ছাড়া তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি দীর্ঘদিন বন্দরের আলম চাঁন স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতিও ছিলেন।এলাকার লোকজন সর্বশেষ যে নারীর সঙ্গে রিকশায় মহিউদ্দিনকে উঠতে দেখেছেন, তাকে খুঁজছে পুলিশ। পুলিশের ধারণা, ওই নারীকে শনাক্ত করা গেলে এই হত্যাকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। নিহত মহিউদ্দিনের পকেটে একটি চিরকুট পাওয়া গেছে। এই চিরকুটে লেখা, ‘তোমার কাছে টাকা পেতাম, পেলাম না। তাই মেরে ফেললাম। পুলিশের কাছে অনুরোধ, এই হত্যাকাণ্ডের বিষয়ে কোনো তদন্ত করবেন না।’ ইতি মনির।চিরকুটটি কাঁচা হাতে লেখা। পুলিশের ধারণা, দৃষ্টি অন্যদিকে সরানোর জন্য এই চিরকুট দেওয়া হয়েছে।মহিউদ্দিনের ছোট ভাই সৃজনশীল বাংলা চলচ্চিত্র প্রযোজক এস এম আশরাফ বলেন, ‘আমার ভাই খুন হবে, এটা কখনো স্বপ্নেও ভাবিনি। কারও সঙ্গে তাঁর বিরোধ ছিল বলে আমার জানা নেই। কে বা কারা খুন করতে পারে, বিষয়টি আমাদের মাথায় আসছে না। তবে আমাদের দাবি, পুলিশ নিরপেক্ষ তদন্ত করে হত্যার ঘটনা উদ্ঘাটন করুক।’জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আনিসুর রহমান বলেন, ‘এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ জানানোর ভাষা আমাদের নেই। তিনি অত্যন্ত জনপ্রিয় ও গ্রহণযোগ্য আইনজীবী ছিলেন। আমাদের দাবি, এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করা হোক। না হলে আইনজীবী সমিতি কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে।’বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ বলেন, ‘কী কারণে মহিউদ্দিন আলতাফকে হত্যা করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ব্যক্তিগত আক্রোশে কেউ তাঁকে হত্যা করেছে বলে আমরা মনে করছি। দ্রুত এই হত্যার রহস্য উদ্ঘাটন ও হত্যাকারীদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আমরা আশা করি। ইতিমধ্যে তদন্ত শুরু করেছি।’