নারায়ণগঞ্জে আইনজীবীর লাশ উদ্ধার
নারায়ণগঞ্জ সদর উপজেলায় আইনজীবীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার পাগলা দেলপাড়া এলাকা থেকে গতকাল সামবার ভোরে ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
আইনজীবী মো. মালেক রাজীব (২৯) শহরের চাঁদমারী এলাকায় ভাড়া বাসায় থাকতেন। পুলিশ জানিয়েছে, তাঁর বুকে দুটি সূক্ষ্ম ক্ষতচিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁকে গুলি করে অথবা ধারালো কিছু দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, ভোরে সদর উপজেলার ফতুল্লার দেলপাড়ায় লাশ পড়ে থাকতে দেখে এলাকার লোকজন খবর দিলে পুলিশ তাঁকে উদ্ধার করে শহরের খানপুরে অবস্থিত ২০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
রাজীবের বাবা অবসরপ্রাপ্ত কর্নেল মৃত আবদুল হক। ঢাকার মহাখালীতে ডিওএইচএসে তাঁদের বাসা।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাজিমউদ্দিন খান জানান, রাজীবকে কুপিয়ে হত্যা করা হয়েছে।