নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য র্যাব, আর্মড পুলিশ ও আনসারের অতিরিক্ত চার হাজার সদস্য মোতায়েন করা হবে। এ ছাড়া ২৭টি ওয়ার্ডের ১৬৩টি ভোটকেন্দ্রের প্রতিটিতে নিয়মিত বাহিনী হিসেবে পুলিশ ও আনসারের ২৪ জন করে সদস্য দায়িত্ব পালন করবেন। গতকাল সোমবার নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের এসব কথা বলেন। গতকাল সকালে প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদার সভাপতিত্বে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের আইনশৃঙ্খলা-বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের সম্মেলনকক্ষে এই বৈঠকে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার, র্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইউনুছুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের জন্য দাবি উঠলেও এ ব্যাপারে সিদ্ধান্ত হয়নি। বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে সাখাওয়াত হোসেন বলেন, নির্বাচনে সেনা মোতায়েনের সুযোগ কমিশনের সামনে খোলা রয়েছে। পরিস্থিতি বা প্রয়োজন অনুযায়ী এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।সাখাওয়াত হোসেন বলেন, কমিশন সিদ্ধান্ত নিয়েছে, ভোট গ্রহণের দুই দিন আগে ও পরে মোট পাঁচদিন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে অতিরিক্ত চার হাজার আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় এই বাহিনী নিয়মিত বাহিনীকে সহযোগিতা করার জন্য তৈরি থাকবে। তিনি বলেন, কেউ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে তাদের তাৎক্ষণিক বিচারের জন্য ২৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নয়জন বিচারিক হাকিম সব সময় দায়িত্ব পালন করবেন। নির্বাচন কমিশনের নিজস্ব পর্যবেক্ষণ দল ২৭টি ভিডিও ক্যামেরা নিয়ে বিভিন্ন ভোটকেন্দ্রে উপস্থিত থাকবে। কেউ আইন ভঙ্গ করলে পর্যবেক্ষকেরা তাৎক্ষণিক তার ভিডিও ধারণ করবেন। ৯ ওয়ার্ডে ইভিএম: নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে, নির্বাচনে নারায়ণগঞ্জ সিটির নয়টি ওয়ার্ডে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে। ওয়ার্ডগুলো হলো ৭, ৮, ৯, ১৬, ১৭, ১৮, ২২, ২৩, ও ২৮ নম্বর। এই নয়টি ওয়ার্ডে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৪৬, ভোটকক্ষের সংখ্যা ৩৩৯ এবং ভোটারের সংখ্যা এক লাখ ১৫ হাজার ৬২৬ জন।