নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা সভায় ৫ সাংসদের সবাই অনুপস্থিত
নারায়ণগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় গতকাল রোববার জেলার পাঁচ সাংসদের সবাই অনুপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মো. সামছুর রহমানের সভাপতিত্বে তাঁর সম্মেলন কক্ষে এ সভা হয়। সভায় বক্তব্য দেন পুলিশ সুপার বিশ্বাস আফজাল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোতাহার হোসেন, বন্দর উপজেলার ইউএনও রফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, নারায়ণগঞ্জ পৌরসভার কাউন্সিলর কামরুল হাসান, আওয়ামী লীগের নেতা আবদুল হাই, শহীদুল্লাহ প্রমুখ।কমিটির সদস্য মিয়া আলাউদ্দিন জানান, আড়াইহাজারে আশঙ্কাজনক হারে ডাকাতি বেড়েছে। এলাকায় কমিউনিটি পুলিশ ও পাহারার ব্যবস্থা করেও ডাকাতি প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না। ফতুল্লা থানা আওয়ামী লীগের নেতা শহীদুল্লাহ বলেন, ফতুল্লার পাগলার আলীগঞ্জে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের সাংসদ সারাহ্ বেগম কবরীর গাড়িবহরে হামলা করা হয়েছে। তাঁকে লাঞ্ছিত করা হয়েছে। সাংসদের ওপর হামলার বিষয়টি খাটো করা দেখা ঠিক নয়।পুলিশ সুপার বিশ্বাস আফজাল হোসেন বলেন, আড়াইহাজারে অনেক পাওয়ারলুম কারখানা বন্ধ হয়ে যাওয়ায় বেকার শ্রমিকদের কেউ কেউ চুরি-ডাকাতির সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।