নারায়ণগঞ্জে আগুনে ৪০টি ঘর পুড়ে ছাই, আহত ৫
নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় গতকাল বৃহস্পতিবার অগ্নিকাণ্ড হয়েছে। এতে বসতঘর, দোকান ও ঝুটের গোডাউনসহ ৪০টি ঘর পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্তদের দাবি, অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। পুলিশ জানায়, গতকাল দুপুর একটায় শহরের পশ্চিম মাসদাইর এলাকায় অবস্থিত মামুনের মালিকানাধীন একটি ঝুটের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুন পার্শ্ববর্তী শাহজাহান ও মোহাম্মদ আলীর বাড়িতে ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে যায় ওই দুটি বাড়ির ৩৪টি টিনশেড ঘরের আসবাব, টিভি, ফ্রিজসহ বিভিন্ন মালামাল, তিনটি মুদি দোকান ও তিনটি ঝুটের গোডাউন।খবর পেয়ে শহরের মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় মো. শহীদ, আবুল হোসেনসহ কমপক্ষে পাঁচজন আহত হয়েছে। আহতদের ২০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তরা দাবি করেছে, অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।