নারায়ণগঞ্জে আন্তস্কুল ভাষা প্রতিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলে গতকাল মঙ্গলবার আন্তস্কুল ভাষা প্রতিযোগ-২০১৬ অনুষ্ঠিত হয়েছে। নাট্যব্যক্তিত্ব ও সরকারি তোলারাম কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক জিয়াউল হাসান অনুষ্ঠানের উদ্বোধন করেন।
নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের ভাষা ও সাহিত্য ক্লাবের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগে নারায়ণগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজ, বেইলি স্কুল, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, বি এম ইউনিয়ন উচ্চবিদ্যালয়, টাঙ্গাইল ক্যাডেট একাডেমি, ফতুল্লা পাইলট উচ্চবিদ্যালয়, হাটখোলা উচ্চবিদ্যালয়, দেওভোগ হাজি উজির আলী উচ্চবিদ্যালয়, নারায়ণগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ ও পাগলা উচ্চবিদ্যালয়ের প্রায় ৪০০ শিক্ষার্থী অংশ নেয়। সকাল সাড়ে নয়টায় জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
বিকেলে সমাপনী পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান, স্লাইড শো প্রদর্শন করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লেখক ও সাংবাদিক আনিসুল হক। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি কাসেম জামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পরিচালনা পর্ষদের সহসভাপতি মোহাম্মদ আলী, প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, শিক্ষক মেজবাহউদ্দিন।
আনিসুল হক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, মুখস্থবিদ্যা কাজে লাগে না। প্রচুর পরিমাণে বই পড়তে হবে। জীবনকে উপভোগ করতে হবে। শিল্প, সাহিত্য, সংগীত, ক্রিকেট, ভাষা প্রতিযোগ, গণিত অলিম্পিয়াডে অংশ নিতে হবে। তিনি বলেন, ‘সাতক্ষীরা জেলা শহর থেকে মোস্তাফিজের বাড়ি ৪০ কিলোমিটার দূরে। কিন্তু নিজের মেধা, অধ্যবসায়ের মাধ্যমে আজ সারা ক্রিকেট বিশ্ব তাঁকে এক একনামে চেনে। মা, মাতৃভাষা ও দেশকে ভালোবাসতে হবে। বাংলাদেশ অপার সম্ভাবনার দেশ। বাংলাদেশের অগ্রগতি কেউ রুখতে পারবে না। অনেক মানুষ জীবন দিয়ে দেশের স্বাধীনতা এনে দিয়ে গেছেন। এখন আমাদের কাজ শুধু দেশটাকে গড়ে তোলা।’