নারায়ণগঞ্জে আবারও বেবিট্যাক্সিস্ট্যান্ডে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার শাবদী এলাকায় গত শনিবার একটি বেবিট্যাক্সিস্ট্যান্ডে হামলার পর গতকাল সোমবার সন্ত্রাসীরা পার্শ্ববর্তী সোনাকান্দা এলাকার আরেকটি বেবিট্যাক্সিস্ট্যান্ডে হামলা চালিয়েছে। বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানুর ভাই ফকিরউল্লাহ ফকিরের নেতৃত্বে সন্ত্রাসীরা পাঁচটি বেবিট্যাক্সি ভাঙচুর করেছে। তাদের হামলায় কমপক্ষে পাঁচজন বেবিট্যাক্সিচালক আহত হয়েছেন।এলাকাবাসী ও পুলিশ জানায়, শাবদী এলাকায় বেবিট্যাক্সিস্ট্যান্ডের দখল নিয়ে উপজেলা অটোবাইক চালক সমিতি ও বেবি টেম্পো চালক সমিতির মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে শনিবার রাতে বেবিট্যাক্সি চালক সমিতির সভাপতি ও স্থানীয় ছাত্রলীগের নেতা খান মাসুদের সমর্থক এবং অটোবাইক চালক সমিতির সাধারণ সম্পাদক অলিউল্লাহ অলি ও তাঁর ভাই ফকিরউল্লাহ ফকিরের সমর্থকদের সংঘর্ষ হয়। অলিউল্লাহ ও ফকিরউল্লাহ দুজনই উপজেলা ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানুর ভাই। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবারের ঘটনার জের ধরে গতকাল সকালে ও দুপুরে ফকিরের নেতৃত্বে হামলা হয়।খবর পেয়ে ভাইস চেয়ারম্যান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন এবং তাঁর ভাই ফকিরউল্লাহকে পুলিশে সোপর্দ করেন।