নারায়ণগঞ্জে আবারও মন্দিরে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ মন্দিরে চুরির ঘটনার পাঁচ দিন যেতে না যেতেই আবারও শহরের শীতলক্ষ্যা এলাকায় একটি মন্দিরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে দুর্বৃত্তরা ওই মন্দিরের পেছনের ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে তিন ভরি ওজনের একটি স্বর্ণের মূর্তি, দেড় ভরি ওজনের প্রতিমার অলংকার, ছয় ভরি ওজনের রুপার চূড়া, প্রণামির নগদ ৩০ হাজার টাকাসহ মন্দিরের তামা-কাঁসার জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে।এদিকে মন্দিরে পরপর দুটি চুরির ঘটনায় হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার বিশ্বাস আফজাল হোসেন, নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র সেলিনা হায়াত আইভীসহ পুলিশের কর্মকর্তারা।শহরের শীতলক্ষ্যা এলাকার সত্য নারায়ণ জিউর মন্দিরের পুরোহিত রবীন্দ্র নারায়ণ চক্রবর্তী জানান, বৃহস্পতিবার ভোরে মন্দিরে এসে তিনি দেখতে পান পেছনের ফটকের তালা ভাঙা। মন্দিরের লোকনাথ ব্রহ্মচারী, সত্য নারায়ণ ও শিব প্রতিমার শরীরে থাকা দেড় ভরি ওজনের কান ও হাতের বালা এবং ছয় ভরি ওজনের মাথার চূড়া নেই। এ সময় চোরের দল মন্দির থেকে তিন ভরি ওজনের একটি স্বর্ণের মূর্তি, এক মণ ওজনের তামা-কাঁসার জিনিসপত্র ও প্রণামির প্রায় ৩০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে।এর আগে গত রোববার গভীর রাতে শহরের কালীর বাজার সিরাজদৌল্লাহ রোড এলাকায় অবস্থিত কালীমন্দিরে চুরির ঘটনা ঘটে। চোরের দল মন্দিরের ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে প্রতিমার শরীরে থাকা ৩১ ভরি ওজনের স্বর্ণ ও ১০ ভরি ওজনের রুপার অলংকার চুরি করে নিয়ে যায়।এ ব্যাপারে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায় বলেন, মন্দিরে চুরির বিষয়টি অস্বাভাবিক ব্যাপার। শহরের কালীর বাজার কালীমন্দিরে চুরি হওয়ার পর নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিন্দুধর্মীয় নেতাদের নিয়ে বৈঠকে বসেন। তিনি আশ্বাস দেন, আর কোনো মন্দিরে চুরি হবে না এবং খোয়া যাওয়া প্রতিমার অলংকার দ্রুত উদ্ধার করা হবে। কিন্তু এর পরই আবারও মন্দিরে চুরির ঘটনা ঘটে। চুরির বিষয়টি জোরেশোরে তদন্ত হওয়া প্রয়োজন। কালীমন্দিরে চুরি হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো পুলিশ কালীমন্দিরের চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করতে পারেনি। পুলিশি তৎপরতায় দুর্বলতা রয়েছে, যার কারণে মন্দিরে একের পর এক চুরির ঘটনা ঘটছে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বলেন, মন্দিরে চুরির বিষয়টি রহস্যজনক। মন্দিরের সামনের অংশ সুরক্ষিত থাকলেও পেছনের অংশ ছিল অরক্ষিত। চুরি করা স্বর্ণালংকার ও চোরদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।