নারায়ণগঞ্জে আর্জেন্টিনার সমর্থকদের শোভাযাত্রা
বিশ্বকাপ ফুটবল উপলক্ষে আর্জেন্টিনার সমর্থকেরা গতকাল রোববার নারায়ণগঞ্জ শহরে শোভাযাত্রা বের করে। আমরা আর্জেন্টিনার সমর্থক গোষ্ঠীর ব্যানারে এই শোভাযাত্রা বের করা হয়৷
গতকাল দুপুরে শহরের মণ্ডলপাড়া এলাকা থেকে বিশাল আকৃতির পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা চলাকালে ট্রাকে লাগানো সাউন্ড সিস্টেম থেকে ভেসে আসা গানের তালে তালে নেচে উচ্ছ্বাস প্রকাশ করে আর্জেন্টিনার সমর্থকেরা।
আমরা আর্জেন্টিনার সমর্থক গোষ্ঠীর উদ্যোক্তা স্বপন দাসের নেতৃত্বে শোভাযাত্রাটি বের করা হয়৷ এতে শুকতারা ক্লাবের সাবেক ফুটবল খেলোয়াড় ইব্রাহিম হোসেন, সাংবাদিক তাপস সাহা, শিপন আহম্মেদ, প্রণব রায়, হাবিবুর রহমান, মেহেদী হাসান প্রমুখ অংশ নেন৷
এদিকে অনেকে বিশ্বকাপ উপলক্ষে বাড়ির ছাদে ছাদে প্রিয় দলের এবং দেশের জাতীয় পতাকা উড়িয়েছে। এ ছাড়া, শহরের বিভিন্ন স্থানে প্রিয় দলের ব্যানার ও খেলোয়াড়দের পোস্টার ঝোলানো হয়েছে৷