নারায়ণগঞ্জে আশিয়ান পরিবহনের বাসের ইঞ্জিনে আগুন
নারায়ণগঞ্জ সদর উপজেলায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে আশিয়ান পরিবহনের এসি বাসে আকসিঞ্চকভাবে বিকট শব্দে আগুন ধরে গেলে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। গতকাল শনিবার এ ঘটনার পর সড়কটিতে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। আগুনে বাসের ইঞ্জিনসহ ভেতরের অংশ পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক কে এম সাইফুল ইসলাম জানান, বিকেল সাড়ে চারটার দিকে আশিয়ান পরিবহনের নারায়ণগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস ফতুল্লার লামাপাড়া এলাকায় পৌঁছামাত্র বিকট শব্দে এর ইঞ্জিনে আগুন ধরে যায়। এ সময় চালক দ্রুত বাসটি সড়কের পাশে দাঁড় করালে যাত্রীরা নেমে বেঁচে যায়। আগুনে বাসটির ইঞ্জিনসহ ভেতরে বসার আসন পুড়ে গেছে। সাইফুল ইসলাম আরও জানান, বাসটিতে ২৫ থেকে ৩০ জন যাত্রী ছিল। তারা সবাই অক্ষত আছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় সড়কটিতে বিকেল পাঁচটা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে। ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির কারণে এ ঘটনা ঘটে বলে তিনি জানান।