নারায়ণগঞ্জে ইংলিশ মিডিয়াম স্কুলের বেতন-ফি বৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের অন্যতম বৃহৎ ইংলিশ মিডিয়াম শিক্ষাপ্রতিষ্ঠান এবিসি ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃপক্ষ কোনো পূর্বঘোষণা ছাড়াই শিক্ষার্থীদের মাসিক বেতন ও অন্যান্য ফি অস্বাভাবিক হারে বাড়িয়েছে। এতে অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।ক্ষুব্ধ অভিভাবকেরা ইতিমধ্যে ২০ সদস্যের কমিটি গঠন করে শহরের উত্তর চাষাঢ়ায় অবস্থিত ওই বিদ্যালয়ের সামনে মানববন্ধন করেছেন। স্মারকলিপি দিয়েছেন জেলা প্রশাসক, স্থানীয় সাংসদ ও সিটি করপোরেশনের মেয়রকে।ওই অভিভাবক কমিটির সদস্য ফিদা হাসান খান, শাহ্ ফয়েজ উল্লাহ, জাকারিয়া হাবিব, আহসান হাবিব বলেন, জেলার ছয়টি ইংলিশ মিডিয়াম স্কুলের মধ্যে অন্যতম এবিসি ইন্টারন্যাশনাল স্কুলে বর্তমানে প্রায় এক হাজার ২০০ ছেলেমেয়ে পড়াশোনা করে। স্কুল কর্তৃপক্ষ কোনো পূর্বঘোষণা ছাড়াই গত ২৩ মে একটি নোটিশের মাধ্যমে ভর্তি ফি, মাসিক বেতন, বার্ষিক চার্জ, নিরাপত্তা জামানত, এ-লেভেলের শিক্ষার্থীদের বিজ্ঞানাগারের ফি বাড়ায়। কোনো কোনো ক্ষেত্রে এই ফি এক লাফে ৩৬ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। উদাহরণ দিয়ে তাঁরা জানান, প্লে গ্রুপ থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত আগে ভ্যাট ছাড়া মাসিক বেতন ছিল দুই হাজার টাকা, এখন করা হয়েছে দুই হাজার ৭০০ টাকা। এভাবে পঞ্চম থেকে সপ্তম শ্রেণীর বেতন দুই হাজার ২০০ থেকে বাড়িয়ে তিন হাজার টাকা, অষ্টম থেকে দশম শ্রেণী পর্যন্ত বেতন দুই হাজার ৮০০ থেকে বাড়িয়ে তিন হাজার ৮০০ টাকা। বার্ষিক চার্জ ছয় হাজার টাকা থেকে বাড়িয়ে আট হাজার টাকা, ভর্তি ফি ১২ হাজার থেকে বাড়িয়ে ১৮ হাজার টাকা এবং বিজ্ঞানাগারের বার্ষিক ফি ১০ হাজার টাকা ধার্য করা হয়েছে। অভিভাবকেরা বলেন, দুই বছর আগে স্কুল কর্তৃপক্ষ বেতন ও অন্যান্য ফি বাড়ানোর সময় প্রতিশ্রুতি দিয়েছিল, প্রতিটি শ্রেণীকক্ষে শীতাতপনিয়ন্ত্রিত যন্ত্র স্থাপন করবে এবং শিক্ষার মান বাড়াতে ঢাকার দক্ষ শিক্ষক নিয়োগ দেবে। কিন্তু সেই প্রতিশ্রুতিও তারা পূরণ করেনি।অভিভাবক কমিটির সদস্যরা বলেন, এবিসি ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ে নারায়ণগঞ্জের অন্যান্য ইংলিশ মিডিয়াম স্কুলের বেতন, ফি অনেক কম। কর্তৃপক্ষ সেবার পরিবর্তে সম্পূর্ণ বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি থেকে স্কুল চালাচ্ছে। শিক্ষার্থীদের বেতন, ফি বাড়ানো হলেও শিক্ষক-শিক্ষিকাদের বেতন বাড়ায়নি কর্তৃপক্ষ। ফলে তাঁদের অনেকেই কোচিং ব্যবসায় মনোযোগী। অনেক মেধাবী দক্ষ শিক্ষক-শিক্ষিকা ইতিমধ্যে এই স্কুল ত্যাগ করতে বাধ্য হয়েছেন।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবক জানান, নারায়ণগঞ্জের কয়েকজন শিক্ষিত তরুণ ব্যবসায়ী, শিল্পপতি মোল্লা মোহাম্মদ মজনু, মহসীন উদ্দিন আহমেদ, সাদেকুর রহমান, রফিকুল ইসলাম, তপন কুমার সাহা, আজিজুর রহমান, আবদুল মতিন সরকার সেবার মনোভাব নিয়ে এবিসি ইন্টারন্যাশনাল স্কুল প্রতিষ্ঠা করেন। ব্যস্ততার কারণে তাঁরা স্কুলের খোঁজখবর নিতে পারেন না। যাঁদের পরিচালনার দায়িত্ব দিয়েছেন, তাঁরা নানা স্বেচ্ছাচারিতা করছেন।এসব ব্যাপারে বিদ্যালয়ের অধ্যক্ষ আবদুল হাইয়ের মুঠোফোনে ফোন করলে প্রথম আলোর পরিচয় পেয়ে তিনি কথা বলেননি। পরে একাধিকবার ফোন করলেও তিনি ফোন ধরেননি। মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়েও কোনো উত্তর পাওয়া যায়নি। গত বুধবার বিদ্যালয়ে গেলেও তিনি দেখা করেননি। তবে বিদ্যালয়ের সমন্বয়ক আবদুল মোনায়েম প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে শিক্ষাসফর, ক্রীড়া ও বার্ষিক প্রতিযোগিতা এবং পরীক্ষার ফি নেওয়া হয় না। বর্তমানে ১২০ জন শিক্ষক-শিক্ষিকা রয়েছেন। তিনটি ভবনে ক্লাস নেওয়া হচ্ছে। গত তিন বছরে বিদ্যালয়ের খরচ অনেক গুণ বাড়ায় বেতন-ফি বাড়ানো হয়েছে। তবে অভিভাবকদের অভিযোগ আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।