নারায়ণগঞ্জে ইভিএম ব্যবহারের কাজ শুরু করেছে ইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নয়টি ওয়ার্ডে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার এবং ২৫টি কেন্দ্রে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোর কাজ শুরু করেছে নির্বাচন কমিশন।রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানিয়েছে, নয়টি ওয়ার্ডে ইভিএম ব্যবহার এবং ২৫টি কেন্দ্রে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোর লক্ষ্যে তারা জোরেসোরে কাজ শুরু করেছে। অধিক ঝুঁকিপূর্ণ ও ঝুঁকিপূর্ণ ২৫টি কেন্দ্রে এই ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হবে। এসব কেন্দ্র চিহ্নিত করতে মাঠে নেমেছেন নির্বাচন কমিশনের কর্মীরা। বিভিন্ন সংস্থার সহযোগিতায় নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ ও বন্দর কদমরসুল—এই তিন এলাকা নিয়ে কেন্দ্রের তালিকা তৈরি করা হবে। যে নয়টি ওয়ার্ডে ইভিএম ব্যবহার করা হবে, সেগুলোও নির্বাচন করা হবে এই তিন এলাকায়। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করতে সিটি করপোরেশন এলাকায় নয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি নির্বাচন কমিশনের ১০ জন কর্মকর্তা ঘুরে বেড়াচ্ছেন। তাঁরা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের কর্মকাণ্ডের দিকেও নজর রাখছেন।গতকাল শুক্রবার পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে সাতজন, সাধারণ কাউন্সিলর পদে ৩৫০ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৬৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সাধারণ কাউন্সিলর পদে ২১ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে দুজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল ইসলামী আন্দোলনের নেতা আতিকুর রহমান নান্নু মিয়া মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামীকাল রোববার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। তাই ছুটির দিন সত্ত্বেও গতকাল রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের প্রচণ্ড ভিড় ছিল।