নারায়ণগঞ্জে ইয়াবা বিক্রেতা গ্রেপ্তার
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ ক্রেতা সেজে ফাঁদ পেতে জাহাঙ্গীর আলম (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। তাঁর কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৪৫ পিস ইয়াবা। গত রোববার রাতে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জাহাঙ্গীর মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি থানার আমতলী এলাকার আবুল হোসেনের ছেলে। তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কায়েমপুর এলাকায় বসবাস করতেন।্র্র্র্র্র্র্র্রনারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর কাদের জানান, রোববার রাত সাড়ে ১১টায় থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম মাদক ব্যবসায়ী জাহাঙ্গীরের মুঠোফোনের নম্বর সংগ্রহ করেন। পরে ক্রেতা সেজে ফোন করে তাঁর কাছ থেকে ইয়াবা কেনার প্রস্তাব দেন আমিনুল। ৪৫ পিস ইয়াবা কেনার জন্য তাঁর সঙ্গে ১০ হাজার টাকায় চুক্তি হয়। চুক্তি ও কথামতো জাহাঙ্গীর রোববার রাত ১২টায় শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ৪৫ পিস ইয়াবা নিয়ে হাজির হন। এ সময় আমিনুল ক্রেতা সেজে সাদা পোশাকে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার হওয়া জাহাঙ্গীর পেশাদার ইয়াবা বিক্রেতা বলে জানান ওসি। এ ব্যাপারে মামলা হয়েছে।