নারায়ণগঞ্জে উপজেলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির ও তাঁর ছেলের বিরুদ্ধে আদালতে চাঁদাবাজির মামলা হয়েছে। গতকাল রোববার নারায়ণগঞ্জ মুখ্য বিচারিক হাকিম (খ) অঞ্চলের বিচারক আশরাফ জিলানীর আদালতে এ মামলা করা হয়। মামলার বাদী হাওয়া বেগম নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকার সওদাগর মোল্লার স্ত্রী।হাওয়া বেগম অভিযোগ করেন, ২২ ডিসেম্বর সকালে ফাতেমা মনিরের ছেলে ফাহিম, সোহেল, ফারুক ও বিল্লালসহ অজ্ঞাত পরিচয়ের প্রায় ১৫/২০ জন সন্ত্রাসী তাঁর বাড়িতে যায়। এ সময় আসামিরা দুই লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে তারা বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় আসামিরা তাঁর মেয়ে ও ছেলের বউকে মারধর ও শ্লীলতাহানির চেষ্টা করে। পরে তারা বাড়ি থেকে দুই ভরি স্বর্ণালংকার ও ৪০ হাজার টাকা লুটে নিয়ে যায়। ফাতেমা মনিরের প্ররোচনায় এই হামলা চালানো হয় বলে মামলায় অভিযোগ করা হয়।ফাতেমা মনির বলেন, তাঁকে সামাজিকভাবে হেয় করতেই এই মিথ্যা মামলা করা হয়েছে। তিনি বা তাঁর ছেলে এই ঘটনার সঙ্গে জড়িত নন।