নারায়ণগঞ্জে এক বছর ধরে সড়কে জলাবদ্ধতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-নারায়ণগঞ্জ পুরোনো সড়কের নারায়ণগঞ্জ নগরের চাষাঢ়া রেলক্রসিং থেকে রাইফেল ক্লাবের মোড় পর্যন্ত অংশ প্রায় এক বছর ধরে পানিতে ডুবে আছে। দীর্ঘদিন পানি জমে থাকায় এই অংশে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ কারণে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে।

জলাশয় ভরাট করে পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দেওয়ায় এবং নর্দমা না থাকায় এখানে জলাবদ্ধতা একরকম স্থায়ী রূপ নিয়েছে। আর এ কারণে পথচারী ও যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কের এই অংশটি ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ও চাষাঢ়া বিজয়স্তম্ভের সঙ্গে সংযোগ স্থাপন করেছে। ঢাকা-নারায়ণগঞ্জ পুরোনো সড়কের দুই পাশে পানি নিষ্কাশনের কোনো নর্দমা নেই। আর লিংক রোডে রাইফেল ক্লাব থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত অংশে দুই বছর আগে সওজ নর্দমার নির্মাণকাজ শুরু করলেও তা শেষ হয়নি। অসম্পূর্ণ এই নর্দমার পানি সরারও কোনো ব্যবস্থা নেই। আগে চাষাঢ়া রেলস্টেশনের পূর্ব পাশের জলাশয় থেকে পানি নর্দমা দিয়ে লিংক রোডের পূর্ব পাশে নিষ্কাশন করা হতো। রেলস্টেশনের দুই পাশের জলাশয় গত কয়েক বছরে ভরাট করে ফেলা হয়েছে। এতে চাষাঢ়া রেলগেট-সংলগ্ন মসজিদের মুসল্লিদের ব্যবহূত পানি নিষ্কাশনের পথও বন্ধ হয়ে গেছে। ওই পানি রাস্তায় এসে জলাবদ্ধতার সৃষ্টি করছে।

সড়কের এই অংশের পাশে অবস্থিত ঐতিহ্যবাহী বাড়ি ‘বায়তুল আমানের’ বাসিন্দা সমাজসেবক আলেয়া সারোয়ার বলেন, পানি নিষ্কাশনের পথগুলো বন্ধ হয়ে যাওয়ায় এই দুরবস্থার সৃষ্টি হয়েছে। রাস্তা সংস্কারের আগে পানি নিষ্কাশনের প্রয়োজনীয় ব্যবস্থা করা উচিত।

নগরের জামতলা এলাকার বাসিন্দা জাহিদুল ইসলাম বলেন, সড়কের বেহাল এই অংশের অদূরে সরকারি মহিলা কলেজ, সরকারি তোলারাম কলেজ ও একটি বেসরকারি বিদ্যালয় অবস্থিত। রাস্তাটি ভাঙাচোরা থাকায় শুধু যানবাহনই নয়, পথচারীদের চলাচলেও সমস্যা হচ্ছে। রাস্তার ভাঙা অংশে যানবাহন ধীর গতিতে চলায় যানজট সৃষ্টি হচ্ছে।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী মশিউর রহমান বলেন, পানি নিষ্কাশনের জলাশয়গুলো ভরাট হয়ে যাওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। সিটি করপোরেশন আপাতত গর্ত ভরাট করে দিয়েছে। ঢাকা-নারায়ণগঞ্জ পুরোনো সড়ক ও লিংক রোড রক্ষণাবেক্ষণ করে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর। তাই জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের জন্য সওজের উদ্যোগে লিংক রোডের দুই পাশে গভীর নর্দমা নির্মাণ করা প্রয়োজন।

এ ব্যাপারে সওজ নারায়ণগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমানের মুঠোফোনে গত সোমবার কয়েকবার ফোন করলেও তিনি তা ধরেননি।