নারায়ণগঞ্জে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত সোমবার দিবাগত রাত সাড়ে তিনটায় উপজেলার গোপালদী পৌরসভার উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবদুল আজিজ (৩২) ওই গ্রামের কাশেম মোল্লার ছেলে। নিহত ব্যক্তির মা রোকেয়া বেগমের অভিযোগ, তাঁর ছেলে আবদুল আজিজকে চোর আখ্যা দিয়ে সাবেক মামাশ্বশুর রূপচান মিয়া, তাঁর দুই ছেলে সাদ্দাম, ডালিম ও ভাই লতিফের ছেলে সেকান্দর পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন। নিহত ব্যক্তির পরিবারের বরাত দিয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম জানান, সম্প্রতি উত্তরপাড়া গ্রামের সুন্দর আলীর মেয়ে লতিফাকে দ্বিতীয় বিয়ে করেন আবদুল আজিজ। এ নিয়ে আজিজের সঙ্গে প্রথম স্ত্রীর পারিবারিক কলহ দেখা দেয়। তিন দিন আগে আজিজ তাঁর দ্বিতীয় স্ত্রী লতিফাকে তালাক দেন। এ ঘটনায় লতিফার স্বজনেরা ক্ষুব্ধ হন। সোমবার দিবাগত রাত তিনটার দিকে আজিজ বাড়ি ফেরার পথে বাগিবতণ্ডার একপর্যায়ে তাঁকে লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি পেটানো হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তবে প্রতিপক্ষ লতিফার স্বজনেরা জানিয়েছেন, আজিজ চুরির করার উদ্দেশ্যে ঘরে ঢোকার চেষ্টাকালে লোকজন পিটুনি দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তির বাবা কাশেম মোল্লা বাদী হয়ে থানায় মামলা করেছেন। তবে পুলিশ আসামিদের গ্রেপ্তার করতে পারেনি।