নারায়ণগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে সন্ত্রাসীদের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থানায় অভিযোগ দেওয়াকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ শহরের উত্তর চাষাঢ়া এলাকায় গতকাল শনিবার বেলা ১১টায় এক ব্যবসায়ীর বাড়িতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। তারা বাড়ির আসবাবপত্র ভাঙচুর ও পরিবারের সদস্যদের মারধর করে বলে অভিযোগ পাওয়া গেছে। পরিবারের সদস্যদের অভিযোগ, জমিতে কারখানা নির্মাণে বাধা দেওয়ায় র‌্যাব ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মো. জহিরুল ইসলাম ভূঁইয়া পারভেজ (ক্যাঙ্গারু পারভেজ নামে পরিচিত) ও তার সহযোগীদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়রি (জিডি) করায় এ হামলা করা হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, ক্যাঙ্গারু পারভেজ স্থানীয় এক সাবেক সাংসদের পক্ষের লোক হিসেবে এলাকায় পরিচিত। পারভেজ নিজেকে যুবলীগের নেতা হিসেবে পরিচয় দিয়ে থাকেন।বাড়ির মালিক ব্যবসায়ী মো. সাখাওয়াত হোসেন জানান, স্পিনিং মিল করার জন্য দেড় বছর আগে তিনি কোম্পানির নামে সিদ্ধিরগঞ্জের গোদনাইল চৌধুরীবাড়ি বাসস্ট্যান্ডের পাশে ৬০ শতাংশ জমি কেনেন। ওই জমি ভরাটের কাজ চলছিল। গত বৃহস্পতিবার দুপুরে ক্যাঙ্গারু পারভেজের নেতৃত্বে একদল সন্ত্রাসী গিয়ে জমি ভরাটের কাজ বন্ধ করে দেয় এবং শ্রমিকদের মারধর করে তাঁদের যন্ত্রপাতি লুট করে। সন্ত্রাসীরা হুমকি দেয়, সেখানে কাজ করতে হলে অর্ধেক জমি তাদের নামে লিখে দিয়ে কাজ করতে হবে। অন্যথায় তাঁকে হত্যা করা হবে। সাখাওয়াত হোসেন অভিযোগ করেন, পারভেজ মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন সময় তাকে জমি লিখে দেওয়ার জন্য ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে আসছিলেন। এর পরিপ্রেক্ষিতে পারভেজ ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জ থানায় একটি জিডি করেন তিনি। এর জের ধরেই গতকাল বেলা ১১টার দিকে ক্যাঙ্গারু পারেভেজের নেতৃত্বে সন্ত্রাসীরা ওই হামলা চালায়। তিনি ফতুল্লা থানায় টেলিফোন করে পুলিশের সহযোগিতা চাইলেও পুলিশ আসেনি। ওই সময় তাঁর ভাগ্নে অনিক বাড়ি ফিরলে তাঁকেও মারধর করে সন্ত্রাসীরা। সাখাওয়াত হোসেনের মা সালমা ইয়াছমিন সাংবাদিকদের জানান, সন্ত্রাসীরা যাওয়ার আগে হুমকি দিয়েছে, এ ব্যাপারে মামলা বা অভিযোগ করলে তাঁর ছেলেকে ২৪ ঘণ্টার মধ্যে হত্যা করা হবে।ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবন কান্তি সরকার টেলিফোনে বলেন, এ ঘটনায় গতকাল বিকেল পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল কি না জানতে চাইলে ওসি বলেন, ‘টহল পুলিশ যেতে পারে। বিষয়টি আমার জানা নেই। কেউ অভিযোগ করলে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’পুলিশ সূত্রে জানা গেছে, পারভেজের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে প্রায় ১০টি মামলা রয়েছে।