নারায়ণগঞ্জে এক রাতে ৮ বাড়িতে ডাকাতি
নারায়ণগঞ্জের আড়াইহাজার ও রূপগঞ্জ উপজেলায় গত মঙ্গলবার রাতে আট বাড়িতে ডাকাতি হয়েছে। এলাকাবাসী ও পুলিশ জানায়, রাত একটার দিকে আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও কর্মকারপাড়া গ্রামের মৃত ফালু কর্মকারের চার ছেলের বাড়িতে ২০-২৫ জনের একদল ডাকাত হানা দেয়। ডাকাতেরা অস্ত্রের মুখে মৃণাল, মিন্টু, মন্টু ও মনোজ কর্মকারের বাড়ির লোকদের জিম্মি করে ১৮ ভরি স্বর্ণ, ৩০ ভরি রুপা, তিনটি মুঠোফোন ও ২০ হাজার টাকা লুট করে। একই রাতে মনোহরদী দক্ষিণপাড়ার ইবু মিয়া ও মো. ইস্রাফিলের বাড়িতে ডাকাত দল হানা দিয়ে পাঁচ ভরি স্বর্ণ, চারটি মুঠোফোন, ১৫ হাজার টাকা লুট করে। ওই দিন রাত দুইটায় গোপালদী পৌরসভার রামচন্দ্রদী গ্রামের ব্যবসায়ী নূরুল ইসলামের বাড়িতে অপর একটি ডাকাত দল হানা দেয়। তারা ১২ হাজার টাকা ও ছয় ভরি স্বর্ণ লুট করে। এদিকে একই দিন রাত দুইটার দিকে রূপগঞ্জের রূপসী কাহিনা গ্রামে ব্যবসায়ী বারেক মিয়ার বাড়িতে একদল ডাকাত হানা দেয়। ডাকাতেরা বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিমিঞ্চ করে ৯৬ হাজার টাকা, ৩০ ভরি স্বর্ণ, সাতটি মুঠোফোন, ডিজিটাল ক্যামেরাসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।