নারায়ণগঞ্জে একটি কারখানা বন্ধ, শ্রমিকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে রপ্তানিমুখী একটি পোশাক কারখানা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। এ সময় তাঁরা ঈদের আগে সব ধরনের বকেয়া বেতন ও বোনাস পরিশোধের দাবিতে মিছিল করেন। সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ঢাকেশ্বরী বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত র‌্যাক ডিজাইন গার্মেন্টস লিমিটেড নামের কারখানার শ্রমিকেরা গতকাল বুধবার সকালে এ বিক্ষোভ করেন। প্রত্যক্ষদর্শীদের অনেকে জানান, র‌্যাক ডিজাইনের শ্রমিকেরা গতকাল সকালে কাজে যোগ দিতে এসে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ দেখতে পান। এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকেরা কারখানা এলাকায় বিক্ষোভ করতে থাকেন। শ্রমিকেরা বলেন, কারখানায় ছয় থেকে সাত শ শ্রমিক কাজ করেন। তাঁরা দুই থেকে তিন মাসের বেতন ও ঈদের বোনাস পাবেন। কিন্তু তাঁদের না জানিয়ে ও পাওনা পরিশোধ না করে কারখানা বন্ধ করায় তাঁরা বেকায়দায় পড়েছেন। শিল্পাঞ্চল পুলিশ-৪-এর উপপরিচালক মাসুদ আহমেদ বলেন, র‌্যাক কারখানাটি হঠাৎ বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে শ্রমিকেরা কোনো উচ্ছৃঙ্খল আচরণ করেননি। শ্রমিকদের পাওনাদির বিষয়টি বিকেএমইএর নেতাদের জানানো হয়েছে। তাঁদের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা চলছে।