নারায়ণগঞ্জে এটিএন নিউজের সম্প্রচারে বাধা সৃষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল বুধবার সকাল থেকে নারায়ণগঞ্জ শহর, পার্শ্ববর্তী ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও বন্দরে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এটিএন নিউজের সম্প্রচারে নানাভাবে বাধার সৃষ্টি করা হয়েছে বলে দর্শক অভিযোগ করেছে।সূত্র জানায়, সকাল থেকে এটিএন নিউজে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে সম্ভাব্য তিন প্রার্থী সেলিনা হায়াত আইভী, শামীম ওসমান ও তৈমুর আলম খন্দকারকে নিয়ে মুন্নি সাহার তৈরি করা একটি প্রতিবেদন প্রচার হতে থাকে। বেলা ১১টায় এটিএন নিউজের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। বেলা তিনটার পরে পুনরায় চালু করা হলেও চ্যানেল নম্বর একাধিকবার পরিবর্তন করা হয়, যাতে দর্শক সহজেই এটিএন নিউজ খুঁজে না পায়। কিছুক্ষণ পর পর চ্যানেল পরিবর্তন করায় দর্শক বিভ্রান্ত হয়।খোঁজ নিয়ে জানা গেছে, শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী আবদুল করিম বাবু শহরের নিতাইগঞ্জ এলাকায় কন্ট্রোল রুম বানিয়ে নারায়ণগঞ্জ শহর ও আশপাশ এলাকার স্যাটেলাইট চ্যানেলগুলোর সম্প্রচার নিয়ন্ত্রণ করে। ইতিমধ্যে গত ১৮ জুন জেলা প্রশাসকের কার্যালয়ে সাংসদ কবরীর দিকে শামীম ওসমানের মারমুখী ভঙ্গিতে তেড়ে যাওয়া এবং শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের মুখে ঘুষি মারার দৃশ্য প্রচারের পর তিন দিন নারায়ণগঞ্জে এটিএন নিউজের সম্প্রচার বন্ধ রাখা হয়।এ ব্যাপারে এসবি স্যাটেলাইট কেবেলর মালিক আবদুল করিম বাবু বলেন, গতকাল বিকেল চারটায় যান্ত্রিক ত্রুটির কারণে এটিএন নিউজের চ্যানেল নম্বর কিছু সময়ের জন্য পরিবর্তন করা হয়েছিল। এটিএন নিউজের হেড অব নিউজ মুন্নি সাহা প্রথম আলোকে জানান, ‘নারায়ণগঞ্জ থেকে দর্শক আমাদের কাছে অভিযোগ করেছে যে সেখানে এটিএন নিউজের সম্প্রচার নানাভাবে বিঘ্নিত করা হয়েছে।’