নারায়ণগঞ্জে এনজিও ব্যবস্থাপকের লাশ উদ্ধার
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় বেসরকারি সংস্থা (এনজিও) আত্মকর্ম সমাজ উন্নয়ন সংস্থার অফিস থেকে গতকাল মঙ্গলবার সংস্থাটির ব্যবস্থাপক দিদারুল আলমের (২৮) লাশ উদ্ধার করেছে পুলিশ।দিদারুল আলম আত্মকর্ম সমাজ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান আনোয়ার হোসেনের ভাতিজা। আনোয়ার হোসেন জানান, দিদারুল চাষাঢ়ার ফিরোজা ভবনের নিচতলায় অবস্থিত সংস্থার অফিসের একটি কক্ষে থাকতেন। তবে তিনি বাড়িতে খাওয়া-দাওয়া করতেন। প্রতিদিনের মতো গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে তিনি রাতের খাবার খেয়ে অফিসে ঘুমাতে যান। মঙ্গলবার বেলা ১১টার দিকে সংস্থার কয়েকজন কর্মচারী তাঁকে বাসায় গিয়ে জানান, দিদারুলের লাশ মেঝেতে পড়ে আছে।আনোয়ার হোসেনের দাবি, দিদারুলকে হত্যার পর মাঠ পর্যায়ের সদস্যদের কাছ থেকে সংগ্রহ করা লক্ষাধিক টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন জানান, দিদারুলকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। মাঝেমধ্যে দিদারুল অফিসে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতেন। আড্ডার এক পর্যায়ে বন্ধুরাই তাঁকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।