নারায়ণগঞ্জে এলজিইডির শিডিউল বিক্রিতে যুবলীগের কর্মীদের বাধা
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া চাঁদমারী এলাকায় এলজিইডির কার্যালয়ে গতকাল বুধবার দরপত্রের শিডিউল বিক্রিতে যুবলীগের কর্মীরা বাধা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।সম্প্রতি সদর উপজেলার ফতুল্লা শিল্পাঞ্চলের বিভিন্ন স্থানে রাস্তা মেরামত ও কালভার্ট নির্মাণকাজের জন্য মোট তিন কোটি ৩৮ লাখ টাকার কাজের দরপত্র আহ্বান করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ঠিকাদার অভিযোগ করেন, সাধারণ ঠিকাদারেরা যাতে শিডিউল কিনতে না পারেন, সে জন্য ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেলের নেতৃত্বে ৩০-৩৫ জন ব্যক্তি গতকাল সকাল থেকে এলজিইডির কার্যালয়ের সামনে অবস্থান নেন। তাঁদের ভয়ে সাধারণ ঠিকাদারেরা বিকেল চারটা পর্যন্ত এলজিইডি কার্যালয়ের ভেতরই ঢুকতে পারেননি। খবর পেয়ে স্থানীয় সাংবাদিকেরা এলজিইডির কার্যালয়ের দিকে গেলে যুবলীগের কর্মীরা সটকে পড়েন। এ সুযোগে কয়েকজন সাধারণ ঠিকাদার শিডিউল কেনেন। সাধারণ ঠিকাদারদের অভিযোগ—বেশ কিছু শিডিউল বিক্রির জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হলেও মীর সোহেলের সহযোগীরা এলজিইডির কার্যালয়ের পিয়নের সঙ্গে গিয়ে সঙ্গে সঙ্গেই শিডিউলগুলো কিনে নেন। ফলে জেলা প্রশাসকের কার্যালয় থেকে সাধারণ ঠিকাদারেরা কোনো শিডিউল কিনতে পারেননি।এলজিইডির কার্যালয়ের সহকারী প্রকৌশলী মো. নুরুন্নবী বলেন, ‘ঝামেলা এড়ানোর জন্য কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। কার্যালয়ের বাইরে এমন কিছু হয়েছে কি না, সেটা আমার জানা নেই।’ মীর সোহেলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি অন্য একজন ঠিকাদারের পক্ষে শিডিউল কিনতে গিয়েছিলাম। এখন তো অনেকে এভাবেই কাজ করে। আমরা চেয়েছিলাম কাজগুলো করতে। কিন্তু শেষ মুহূর্তে সবাই শিডিউল কিনে নেওয়ায় সেটি আর সম্ভব হলো না।’ তবে কাউকে শিডিউল কিনতে বাধা দেওয়ার অভিযোগ তিনি অস্বীকার করেন।