নারায়ণগঞ্জে ওএমএসের চাল উদ্ধার, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকায় গতকাল সোমবার ভোরে কালোবাজারে বিক্রির সময় ১২৫ বস্তা ওএমএসের চালসহ এক ট্রাকচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া চালকের নাম জাহাঙ্গীর (৩৮)। তিনি মুন্সিগঞ্জের লৌহজং থানার কনকাসার গ্রামের বাসিন্দা।নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আতিয়ার জানান, গতকাল ভোরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের নিতাইগঞ্জ এলাকার হিরা এন্টারপ্রাইজে অভিযান চালায় পুলিশ। এ সময় ১২৫ বস্তা ওএমএসের চালসহ একটি ট্রাক ও চালক জাহাঙ্গীরকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর জানান, ঢাকার নবাবগঞ্জ থেকে শোয়েব নামে এক ব্যক্তি ট্রলারযোগে চালের বস্তাগুলো এনে নিতাইগঞ্জ এলাকার হিরা এন্টারপ্রাইজের মালিক মেহেদী হাসান জিতুর গুদামে খালাস করে। সেখান থেকে আড়াইহাজারে নেওয়ার উদ্দেশ্যে চালের বস্তাগুলো ট্রাকে তোলা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।