নারায়ণগঞ্জে ওএমএসের চাল জব্দ, আটক ২
নারায়ণগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকা নিতাইগঞ্জে ওএমএসের চাল কালোবাজারে বিক্রির সময় গতকাল বৃহস্পতিবার ২১৫ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।সূত্রের দাবি, প্রতিদিন বরাদ্দ করা ৭২ টন চালের বেশির ভাগই কালোবাজারে বিক্রি করে দেওয়া হয়।জানা যায়, বিকেলে নারায়ণগঞ্জ সদর থানার পুলিশ নিতাইগঞ্জের বিএল ট্রেডার্সে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির মালিক তরুণ মজুমদার ও ব্যবস্থাপককে আটক করে। পরে তরুণের স্বীকারোক্তি অনুযায়ী ওএমএসের ২১৫ বস্তা চালভর্তি একটি ট্রাক জব্দ করে। তরুণ মজুমদার খাদ্য অধিদপ্তরের ডিলার সোহাগের কাছ থেকে ওএমএসের চাল কিনে তা খোলাবাজারে কেজিপ্রতি চার-পাঁচ টাকা বেশি দরে বিক্রি করে আসছিলেন বলে জানা গেছে।নাম প্রকাশ না করার শর্তে এক ব্যবসায়ী জানান, জেলার খাদ্য অধিদপ্তরের একশ্রেণীর দুর্নীতিবাজ কর্মকর্তা ও পুলিশের কতিপয় সদস্যের যোগসাজশে ওএমএসের চাল খোলাবাজারে বিক্রি করা হয়।উল্লেখ্য, ওএমএসের চাল বিক্রির জন্য ১০ জন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।নারায়ণগঞ্জ সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এ কে ফজলুল হক জানান, শুক্রবার ছাড়া সপ্তাহের ছয় দিন ২৪ টাকা কেজি দরে বিক্রির জন্য প্রতিদিন প্রায় ৭২ টন চাল ডিলারদের সরবরাহ করা হয়। তিনি জানান, ওএমএসের চাল কালোবাজারে বিক্রির ঘটনার সঙ্গে জড়িত ডিলারদের ডিও ইস্যু বন্ধ করে দেওয়া হয়েছে।নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।