নারায়ণগঞ্জে ওয়াকিটকি হাতে প্রকাশ্যে ক্যাঙারু পারভেজ
নারায়ণগঞ্জ জেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং র্যাব-পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী জহিরুল ইসলাম ভূঁইয়া পারভেজ ওরফে ক্যাঙারু পারভেজ বেশ কিছুদিন ধরে একটি ওয়াকিটকি সেট হাতে নিয়ে প্রকাশ্যে চলাফেরা করছেন। স্থানীয় প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই ক্যাঙারু পারভেজ ওয়াকিটকি প্রদর্শন করলেও রাজনৈতিক প্রভাবের কারণে সংশ্লিষ্ট কেউই এ ব্যাপারে মুখ খুলতে চান না। গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শহরে বের হওয়া মিছিলে ক্যাঙারু পারভেজকে ওয়াকিটকি হাতে অংশ নিতে দেখা যায়। এর আগে গত মঙ্গলবার শহরের ওসমানী স্টেডিয়ামে নারায়ণগঞ্জ কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সাংসদ শামীম ওসমান। ওই অনুষ্ঠানেও ওয়াকিটকি হাতে পারভেজকে দেখা যায়। গত ১২ মার্চ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে প্রস্তাবিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন গঠন ও এর সীমানা নিয়ে গণশুনানির দিন ধার্য ছিল। গণশুনানি চলাকালে জেলা প্রশাসকের সামনেই ক্যাঙারু পারভেজ আওয়ামী লীগের নেতা শামীম ওসমানের সঙ্গে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে ওয়াকিটকি হাতে সার্বক্ষণিক অবস্থান করেন। নাম প্রকাশে অনিচ্ছুক নারায়ণগঞ্জে সক্রিয় একটি গোয়েন্দা সংস্থার দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, ক্যাঙারু পারভেজের ওয়াকিটকি ব্যবহারের ঘটনা তাঁদের নজরেও এসেছে। ওয়াকিটকির তরঙ্গ (ফ্রিকোয়েন্সি) একটি স্পর্শকাতর বিষয়। তরঙ্গ ব্যবহারে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের অনুমতি নিতে হয়। ক্যাঙারু পারভেজের ওয়াকিটকির ব্যবহারের বিষয়টি ছবিসহ কয়েকটি স্থানীয় পত্রিকায়ও ছাপা হয়েছে।