নারায়ণগঞ্জে ওয়াসার পানিতে ময়লা-আবর্জনা ও দুর্গন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে ঢাকা ওয়াসার সরবরাহ করা পানিতে ময়লা, আবর্জনা ও দুর্গন্ধ থাকার অভিযোগ করেছেন গ্রাহকেরা। পানির সঙ্গে ময়লা, আবর্জনা ও দুর্গন্ধ থাকায় তা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। বিষয়টি বারবার ওয়াসাকে জানিয়েও কোনো লাভ হচ্ছে না বলে গ্রাহকেরা অভিযোগ করেন। সত্যতা স্বীকার করে ওয়াসা জানিয়েছে, এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হচ্ছে। গতকাল দুপুরে ওয়াসার ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি বোতলে ভরে গ্রাহকেরা নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এসে সাংবাদিকের দেখান এবং তাঁদের দুর্ভোগের কথা জানান। শহরের দেওভোগ পালপাড়া এলাকার বাসিন্দা আহসানুল চৌধুরী জানান, ওয়াসার পানির সঙ্গে আসছে ময়লা, আবর্জনা। এই পানি পান করা তো দূরের কথা, ব্যবহারেরও অনুপযোগী। এই পানি ফুটিয়েও পান করা যাচ্ছে না। এই দূষিত পানি থেকে নানা রোগবালাই ছড়াচ্ছে। এ ব্যাপারে ঢাকা ওয়াসার নারায়ণগঞ্জ মড্স অফিসের নিবার্হী প্রকৌশলী মো. আবদুল খালেক জানান, বিদ্যুতের কারণে পানি ওঠানোয় সমস্যা হচ্ছে বলে তিনি জানান। পানিতে ময়লা, আবর্জনা ও দুর্গন্ধ থাকার বিষয়ে জানতে চাইলে তিনি তা স্বীকার করে বলেন, কিছু কিছু জায়গায় ওয়াসার স্যুয়ারেজের লাইন লিকেজ হয়ে ময়লা ঢুকছে। এ কারণে পানির সঙ্গে ময়লা যেতে পারে। এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে।