নারায়ণগঞ্জে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন দিন ধরে ওয়াসার পানি সরবরাহ বন্ধ থাকায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মানববন্ধন শেষে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। 

আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত চৌধুরীবাড়ি এলাকায় মানববন্ধন শেষে শত শত নারী-পুরুষ খালি কলসি, ঝাড়ু নিয়ে নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছেন।
এলাকাবাসীর অভিযোগ, সিদ্ধিরগঞ্জের গোদনাইল, চৌধুরীবাড়ি, আরামবাগ, পাঠানটুলিতে ওয়াসার চারটি গভীর নলকূপ রয়েছে। কিন্তু তিন মাস ধরে এগুলো থেকে পানি সরবরাহ করা হচ্ছে না। তিন মাস ধরে যে পানি সরবরাহ করা হচ্ছে, তা আবর্জনা ও উৎকট দুর্গন্ধযুক্ত। ওয়াসার ওই পানি এতটাই খারাপ যে পাত্রে রাখা হচ্ছে, সেই পাত্র থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। বিষয়টি ওয়াসার কর্তৃপক্ষকে বেশ কয়েকবার জানানো হলে তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। উল্টো তিন দিন ধরে ওয়াসার পক্ষ থেকে কোনো প্রকার পানিই সরবরাহ করা হচ্ছে না। ফলে এলাকাবাসী গোসল, রান্না করতে পারছেন না। তাই বাধ্য হয়েই তাঁরা পানির দাবিতে রাস্তায় নেমেছেন। এদিকে সড়ক অবরোধ করায় রাস্তার দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
গোদনাইল এলাকার গৃহিণী মেহেজাবিন বলেন, ওয়াসা থেকে ময়লা আবর্জনাযুক্ত বিষাক্ত পানি সরবরাহ করা হচ্ছে। এসব বিষাক্ত পানি খেয়ে নানা প্রকার পানিবাহিত রোগ ডায়রিয়া, পেটের পীড়াসহ নানা রোগবালাই দেখা দিচ্ছে। বিশেষ করে শিশুরা পানিবাহিত রোগে বেশি আক্রান্ত হচ্ছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর দেলোয়ার হোসেন বলেন, ওয়াসার কর্মকর্তাদের কাছে বারবার তাগাদা দিলেও তাঁরা কোনো ব্যবস্থা নিচ্ছেন না। তাই এলাকাবাসী বাধ্য হয়েই রাস্তায় নেমেছেন। তিনি বলেন, আগামী দু-তিন দিনের মধ্যে পানি সরবরাহ ঠিক করা না হলে ওয়াসার বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
এ বিষয়ে ওয়াসার নারায়ণগঞ্জ মডস জোনের নির্বাহী প্রকৌশলী মশিউল আলম কোনো মন্তব্য করতে রাজি হননি।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. সরাফত উল্লাহ জানান, এলাকাবাসী ওয়াসার পানি সরবরাহের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন। বিষয়টি স্থানীয় কাউন্সিলর ওয়াসার সঙ্গে যোগাযোগ করবেন বলে তিনি জানান।