নারায়ণগঞ্জে কঠোর নিরাপত্তায় উল্টোরথযাত্রা সম্পন্ন

নারায়ণগঞ্জে ব্যাপক নিরাপত্তার মধ্যে উল্টোরথ টানার মধ্য দিয়ে শেষ হলো হিন্দুধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা।
গতকাল সোমবার বিকেলে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) নারায়ণগঞ্জ জেলার আয়োজনে রথযাত্রাটি নগরীর টানবাজার সাহাপাড়া এলাকা থেকে শুরু হয়ে দেওভোগের শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরে গিয়ে শেষ হয়। ধর্মীয় বিভিন্ন সংগঠন মন্দিরে নানা আয়োজনের মধ্য দিয়ে এ উৎসব পালন করেছে।
রথযাত্রায় ব্যাপক আনন্দ-উল্লাসের সঙ্গে বর্ণিল সাজে হাজার হাজার হিন্দু ধর্মীয়সংগীতের তালে তালে অংশ নেন। বিদেশিরাও এতে অংশ নেন। রথযাত্রার সামনে ও পেছনে বিপুলসংখ্যক পুলিশের নিরাপত্তা ছিল।
এদিকে রথযাত্রায় অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরের মোড়ে মোড়ে আগে থেকেই পুলিশ অবস্থান নেয়।
গত ২৫ জুন রথযাত্রা উৎসব শুরু হয়। উল্টোরথযাত্রার মধ্য দিয়ে নারায়ণগঞ্জে ইসকনের নয় দিনের অনুষ্ঠানের শেষ হলো।