নারায়ণগঞ্জে কমরেড সুনীল রায়ের স্মরণানুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশবিরোধী আন্দোলন, একাত্তরের মুক্তিযুদ্ধ ও দেশের শ্রমিক আন্দোলনের অন্যতম প্রাণপুরুষ কমরেড সুনীল রায়ের ১৫তম মৃত্যুবার্ষিকী ছিল গতকাল শনিবার। এ উপলক্ষে সকাল নয়টায় নগরের মাসদাইরে শ্মশানে তাঁর স্মৃতিফলকে সমবেত হন রাজনৈতিক দল, ছাত্র, শ্রমিক ও বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা।
পুষ্পমাল্য অর্পণ করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, কেন্দ্রীয় কমিটি, নারায়ণগঞ্জ জেলা কমিটি, নারায়ণগঞ্জ শহর কমিটি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, ছাত্র ইউনিয়ন, খেলাঘর, ন্যাপ, কমিউনিস্ট পার্টি, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রসহ বিভিন্ন সংগঠন। পুষ্পমাল্য অর্পণ শেষে কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে স্মরণানুষ্ঠান হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিউনিস্ট পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম। বক্তব্য দেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মন্টু ঘোষ, খেলাঘর নারায়ণগঞ্জ জেলার সভাপতি রথিন চক্রবর্তী, বাসদের নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক কমরেড নিখিল দাস, ওয়ার্কার্স পার্টি নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুর রহমান, কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক কমরেড শিবনাথ চক্রবর্তী, মুক্তিযোদ্ধা কমরেড আব্দুল মালেক ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক কমরেড বিমল কান্তি দাস।
মন্টু ঘোষ বলেন, ‘সুনীল রায় খুব ছোটবেলায় শ্রমিক আন্দোলনে যুক্ত হয়েছিলেন। একই সঙ্গে তিনি ব্রিটিশবিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেন। ব্রিটিশবিরোধী আন্দোলন ও শ্রমিক আন্দোলনের মাধ্যমে কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত হন। ব্রিটিশ ও পাকিস্তান আমলে অনেক বছর তিনি জেলে কাটিয়েছেন। একাত্তরের মুক্তিযুদ্ধে তিনি ছিলেন একজন অন্যতম সংগঠক। তাঁর হাত ধরে সিদ্ধিরগঞ্জ ও ঢাকার শত শত যুবক মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। তিনি ছিলেন চিরকুমার ও আজীবন বিপ্লবী। ২০০১ সালে নারায়ণগঞ্জ শহরে তিনি যখন মৃত্যুবরণ করেন, তখন তিনি ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য। তাঁর হাত ধরে অনেকেই বিপ্লবী রাজনীতিতে এসেছিলেন। তিনি আমাদের কাছে এক অনুপ্রেরণা। তাঁর বিপ্লবী জীবন থেকে এ দেশের বাম ও প্রগতিশীল কর্মীদের শিক্ষা নিতে হবে।’