নারায়ণগঞ্জে কমিউনিস্ট পার্টির নারী সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা নারী সেলের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা তিনটায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ নারী সমাবেশ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা নারী সেলের সম্পাদক কৃষ্ণা ঘোষ। বক্তব্য দেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় নারী সেলের আহ্বায়ক কমরেড লক্ষ্মী চক্রবর্তী, সিপিবির জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, নারী সেলের সদস্য শাহানারা বেগম, শোভা সাহা, ছাত্র ইউনিয়নের নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সুমাইয়া সেতু প্রমুখ।
সমাবেশে লক্ষ্মী চক্রবর্তী বলেন, বাংলাদেশের অর্থনীতি ও রাজনীতিতে নারীদের ভূমিকা ও অবদান ক্রমাগত বাড়ছে। ৫০ লাখ পোশাকশ্রমিকের ৮০ শতাংশ নারী। সমাজে নারীদের এত অবদান থাকার পরও ধর্মান্ধ প্রতিক্রিয়াশীল একটা গোষ্ঠী নারীদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে। ধর্মের নামে প্রতিদিন তারা নারীদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। সমাজের অর্ধেক জনসংখ্যা নারী। তাঁদের অধিকার ও অবদানকে অগ্রাহ্য করে সভ্যতার অগ্রগতি কখনোই সম্ভব নয়।