নারায়ণগঞ্জে কলেজছাত্রী গৃহবধূসহ ৬ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে গতকাল বৃহস্পতিবার সকালে গরমজনিত (হিটস্ট্রোক) কারণে এক কলেজছাত্রী এবং বিকেলে বাসচাপায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ছাড়া বুধবার রাতে বিভিন্ন ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। কলেজছাত্রীর মৃত্যু: সরকারি তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী আমেনা খাতুন (২২) গতকাল সকালে টিউশনি করার সময় হঠাৎ অচেতন হয়ে পড়েন। শহরের খানপুরে অবস্থিত ২০০ শয্যার নারায়ণগঞ্জ হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়। হাসপাতালের চিকিৎসকেরা জানান, প্রচণ্ড গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।স্কুলছাত্রের মৃত্যু: নারায়ণগঞ্জ শহরের ১ নম্বর রেলগেট এলাকায় গতকাল বিকেলে বাসচাপায় আফসার উদ্দিন (১৭) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে শহরের মণ্ডলপাড়ার গণবিদ্যা স্কুলের দশম শ্রেণীর ছাত্র। তার বাড়ি সদর উপজেলার ফতুল্লার কাশিপুর হাটখোলা এলাকায়। বাবার নাম নুরুউদ্দিন মিয়া।দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু: নারায়ণগঞ্জ শহরের দিগুবাবু বাজারের মীরজুমলা সড়কে নির্মাণাধীন একটি ভবনের দেয়াল ধসে পড়ে বুধবার রাতে। এতে নির্মাণশ্রমিক মনির হোসেন (৪০) গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় ২০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়। মনির বন্দর উপজেলার সোনাকান্দা এলাকার ভুলু মিয়ার ছেলে।গৃহবধূর রহস্যজনক মৃত্যু: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বক্তাবলী রামনগর এলাকায় বুধবার রাতে হোসনে আরা (৪০) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। হোসনে আরার পরিবার অভিযোগ করেছে, তাঁর স্বামী অসিমউদ্দিন বুধবার রাতে মদপান করে স্ত্রীকে গালিগালাজের একপর্যায়ে তলপেটে লাথি মারেন। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। তবে অসিমউদ্দিনের দাবি, হোসনে আরা অসুস্থ ছিলেন। ফতুল্লা মডেল থানার ওসি জীবন কান্তি সরকার জানান, এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি।আড়াইহাজারে গৃহবধূর মৃত্যু: উপজেলার নওয়াপাড়া এলাকার হিরন মিয়ার স্ত্রী পারুল বেগম (২০) বুধবার রাতে মারা যান। হিরন মিয়ার পরিবার জানিয়েছে, পারিবারিক কলহের জের ধরে পারুল গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু: আড়াইহাজার উপজেলার ধুপতারা কুমারপাড়া এলাকার গুলজার মিয়ার ছেলে শাহ্ আলম (২০) বিদ্যুতের তারে জড়িয়ে বুধবার রাতে মারা গেছেন। তিনি ওই এলাকার একটি পাওয়ারলুম কারখানায় কাজ করতেন।