নারায়ণগঞ্জে কারখানা ও গুদামে আগুন, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে অগ্নিকাণ্ডে চারটি বসতঘর, তিনটি তুলার কারখানা, ২৬টি ঝুটের গুদাম ও ১০টি চায়ের দোকান ভস্মীভূত হয়ে গেছে। আগুন নেভাতে গিয়ে কমপক্ষে ১০ জন আহত হন।
খবর পেয়ে নারায়ণগঞ্জ শহরের মণ্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সাড়ে তিন ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় অর্ধশতাধিক ঝুটের গুদাম রয়েছে। বৃহস্পতিবার বেলা দুইটার দিকে ঝুটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের বসতঘর, তুলার কারখানা ও কয়েকটি চায়ের দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় আগুনের শিখা ৪০-৫০ ফুট ওপরে উঠে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বিকেল সাড়ে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৩০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা দাবি করেছেন। আগুন নেভাতে গিয়ে কমপক্ষে ১০ জন আহত হন। আহতদের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে।
ঝুটপট্টির বাসিন্দা হেলেনা জানান, ঝুটপট্টিতে টিন, বাঁশ, কাঠনির্মিত প্রায় ৩০টি তুলার গুদাম ও ২৫টি মেশিন ঘর রয়েছে। এসবের প্রায় প্রতিটির পেছনে রয়েছে বসতঘর। এসব গুদামে ও কারখানায় গার্মেন্টের ঝুট থেকে তুলা তৈরি ও বেচাকেনার ব্যবসা হয়। বাবুলের গুদাম থেকে আগুন লাগে। তুলার গুদামের মালিক শাহ আলম জানান, তাঁর তুলার গুদামটি সবচেয়ে বড়। তাঁর গুদামে প্রায় ৫০ লাখ টাকার তুলা ছিল। আগুনে এখানকার ৩০টি তুলার গুদাম পুড়ে গেছে। প্রতিটি গুদামে ১০ থেকে ৫০ লাখ টাকার তুলা ছিল। নারায়ণগঞ্জ সদর উপজেলার ইউএনও গাউছুল আযম জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় তিন ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. মমতাজউদ্দিন জানান, তুলার কারখানার মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।