নারায়ণগঞ্জের সদর উপজেলায় একটি ডায়িং কারখানায় অবৈধভাবে সংযোগ নিয়ে গ্যাস ব্যবহার করার অভিযোগে ওই কারখানার মালিকের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেডের ফতুল্লা কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুর রহমান বাদী হয়ে ফতুল্লা থানায় ওই মামলা করেন।ওই কার্যালয়ের বিক্রয় বিভাগের উপমহাব্যবস্থাপক আবদুল ওয়াহাব মিয়া জানান, ২৬ লাখ টাকা বকেয়া থাকায় গত ১৪ জুন উপজেলার ধর্মগঞ্জ এলাকার নূর মোহাম্মদ ডায়িং কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। কিন্তু কারখানা কর্তৃপক্ষ পুনঃসংযোগ না নিয়ে গ্যাসের মূল লাইনের সঙ্গে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে কারখানা চালিয়ে আসছিল। খবর পেয়ে গতকাল দুপুরে ওই কারখানায় অভিযান চালিয়ে অবৈধভাবে নেওয়া গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ফতুল্লা আঞ্চলিক কার্যালয়ের ম্যানেজার শফিকুর রহমান বাদী হয়ে মামলা করেন।