নারায়ণগঞ্জে কারখানার সামনে ককটেল বিস্ফোরণ ও গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে একটি বস্ত্র কারখানার সামনে সন্ত্রাসীরা ককটেল ফাটিয়ে ও ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে। গত বুধবার রাত সাড়ে ১২টার দিকে মদনপুরে অবস্থিত সুরুজ মিয়া টেক্সটাইল মিলের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের স্প্লিন্টার ও তিনটি গুলির খোসা উদ্ধার করেছে। এলাকাবাসী ও কারখানার শ্রমিকেরা জানান, মাইক্রোবাসযোগে একদল সন্ত্রাসী কারখানার সামনে এসে চার-পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এরপর তারা চার-পাঁচটি ফাঁকা গুলি ছুড়ে এলাকা ত্যাগ করে। এ সময় কারখানার শ্রমিক ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্দর থানার ওসি হারুন-অর-রশিদ জানান, তাঁরা ঘটনাস্থলে গিয়ে স্প্লিন্টার ও গুলির খোসা উদ্ধার করেন। তবে কারা কী কারণে এভাবে আতঙ্ক ছড়িয়েছে, তা তাঁরা জানতে পারেননি। এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি।