নারায়ণগঞ্জে কারখানায় ভয়াবহ আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর হরিপুর এলাকায় পারটেক্স গ্রুপের মালিকানাধীন স্টার পার্টিকেল বোর্ড মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে কারখানার ১৮ জন শ্রমিক আহত হয়েছেন। তাঁদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের শিখা ৭০-৮০ ফুট পর্যন্ত ওপরে উঠে যায়। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঢাকার পোস্তগোলা, ডেমরা, কাঞ্চন, হাজীগঞ্জ, মণ্ডলপাড়া ও নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের শতাধিক কর্মী ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আহসানুল কবির রাত সাড়ে ১০টায় প্রথম আলোকে বলেন, আগুন যেন আর না ছড়াতে পারে, সে ব্যবস্থা নেওয়া হয়েছে।বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ জানান, গতকাল সন্ধ্যা সাতটায় উপজেলার মদনপুর হরিপুর এলাকায় অবস্থিত পারটেক্স গ্রুপের মালিকানাধীন স্টার পার্টিকেল বোর্ড মিলে পাটখড়ি ভাঙার সময় গোডাউনের পাশের একটি মেশিনের স্পার্ক থেকে আগুনের সূত্রপাত হয়। কারখানার শ্রমিকেরা নিজস্ব অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। তবে ঢাকা ও নারায়ণগঞ্জ এলাকার ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিটের শতাধিক কর্মী এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। এরই মধ্যে পুড়ে যায় ১০টি গোডাউনে রাখা বিপুল পরিমাণ কাঁচামাল পাটখড়ি, বাজারজাত করার জন্য তৈরি পারটেক্স বোর্ড ও ডাস্ট। আগুন নেভাতে গিয়ে তাপ ও ধোঁয়ায় কারখানার ২০ শ্রমিক অচেতন হয়ে পড়েন। পরে তাঁদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। শ্রমিক আলী হোসেন জানান, আগুন নেভাতে গিয়ে প্রচণ্ড তাপ ও ধোঁয়ায় অনেকে অচেতন হয়ে পড়েন। স্টার পার্টিকেল বোর্ড মিলের ভাইস চেয়ারম্যান আজিজ আল কায়সার জানান, আগুনে গোডাউনের মালামাল ও মেশিনারিজসহ ১০০ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আহসানুল কবির জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। রাত সাড়ে ১০টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তবে আগুন যেন আর ছড়িয়ে পড়তে না পারে, সে ব্যবস্থা নেওয়া হয়েছে। পাটখড়ি ভাঙার মেশিনের ঘর্ষণ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।