নারায়ণগঞ্জে কারচুপির জয়-পরাজয় চাই না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচন নিয়ে প্রথম আলোর আয়োজিত গোলটেবিল বৈঠকে অংশ নেওয়া প্রার্থী ও বিশিষ্ট ব্যক্তিরা। ছবি: সাইফুল ইসলাম
নির্বাচন নিয়ে প্রথম আলোর আয়োজিত গোলটেবিল বৈঠকে অংশ নেওয়া প্রার্থী ও বিশিষ্ট ব্যক্তিরা। ছবি: সাইফুল ইসলাম

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হোক—তা-ই চান মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। তাঁরা বলছেন, কোনো একপেশে ও কারচুপির মাধ্যমে প্রার্থীদের জয়-পরাজয় তাঁরা দেখতে চান না। 

আজ বুধবার সকালে নারায়ণগঞ্জ ক্লাবে প্রথম আলো আয়োজিত ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন: আশা ও শঙ্কা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে প্রার্থীরা এ কথা বলেন। সেখানে নারায়ণগঞ্জের বিশিষ্ট কয়েকজন ব্যক্তি উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় প্রার্থীরা নির্বাচিত হলে কী করবেন এবং পাঁচ বছরে সিটি করপোরেশনকে কোন জায়গায় দেখতে চান, সে ব্যাপারে নিজ নিজ ভাবনা তুলে ধরেন।

অনুষ্ঠানে সরকারদলীয় মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেন, আমি সরকার-দলীয় প্রার্থী হিসেবে কোনো অতিরিক্ত সুযোগ-সুবিধা নিচ্ছি না। এটা স্থানীয় সরকার নির্বাচন। যদিও দলভিত্তিক ও দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় স্থানীয় সরকার নির্বাচনের চরিত্র হারাচ্ছে। আইভী আরও বলেন, আমি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গতবার নির্বাচিত হয়েছি। এই নারায়ণগঞ্জের জনগণ এবারও আমার সঙ্গে আছে। আমি কোনো ধরনের কারচুপির নির্বাচন চাই না। মানুষের ভোটে জয়ী হতে চাই। আমি যদি পরাজিত হই, যে জয়ী হবে, সবার আগে তাঁকে অভিনন্দন জানাব। নির্বাচন তো ২২ তারিখ পর্যন্ত। এরপর আমরা সবাই নারায়ণগঞ্জবাসী। একসঙ্গে নারায়ণগঞ্জে থাকব। অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে যাব।

বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন বলেন, সরকার-দলীয় ব্যক্তিরা নির্বাচনে প্রভাব ফেলছেন। পুলিশ, প্রশাসন, নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ করছে না। এসব কারণে নির্বাচন সুষ্ঠু হবে কি না, তা নিয়ে শঙ্কা রয়েই যায়।

সাখাওয়াত হোসেন আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে ভয়ভীতি সৃষ্টি করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো আস্থার পরিবেশ তিনি দেখতে পাচ্ছেন না বলেও দাবি করেন।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী মাহবুবুর রহমান ইসমাইল বলেন, ইসি সরকারের আজ্ঞাবহ। সরকার অর্থাৎ আওয়ামী লীগের দলীয় প্রতীক হচ্ছে নৌকা। তাই এ নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা থেকে যায়। এখানে বারুদের স্তূপের ওপর নির্বাচন হচ্ছে। আমরা হয়তো চিন্তা করতে পারছি না, এ রকম অচিন্তনীয় ঘটনা এখানে ঘটে যেতে পারে।

ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ বলেন, নির্বাচন কমিশনার জাবেদ আলী নারায়ণগঞ্জে এসেছিলেন। তাঁর কাছে নির্বাচনের পরিবেশ নিয়ে কিছু কথা বলা হয়েছিল। কিন্তু তিনি তা এড়িয়ে গিয়ে তাঁর কথা বলেন।

কাউন্সিলর প্রার্থী পপি রানী বলেন, অনেক ভোটার ভোট দেওয়ার জন্য ৫০০ টাকা চান। অনেকে তাঁকে ও তাঁর কর্মীদের ভয়ভীতি দেখাচ্ছেন। এ ব্যাপারে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে, এই প্রত্যাশা তাঁর। আরেক প্রার্থী অসিত বরন ভোটে টাকা ও ধর্মের ব্যবহার নিয়ে শঙ্কা প্রকাশ করেন।

আলোচনা সভায় মেয়র প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের সেলিনা হায়াৎ আইভী, বিএনপির মো. সাখাওয়াত হোসেন খান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মাহবুবুর রহমান ইসমাইল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি মাসুম বিল্লাহ, কাউন্সিলর প্রার্থী অসিত বরন বিশ্বাস, সংর‌ক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী পপি রানী সরকার অংশ নেন। এ ছাড়া বিকেএমইএর সাবেক সভাপতি ফজলুল হক, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, সুশাসনের জন্য নাগরিকের(সুজন) জেলা শাখার সভাপতি আবদুর রহমান, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বী, নারীনেত্রী লক্ষ্মী চক্রবর্তী, মুক্তিযোদ্ধা ও মানবাধিকারকর্মী ফরিদা আকতার, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম, মানবাধিকার সংগঠক আহসানুল করিম চৌধুরী, জেলা ন্যাপের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন অংশ নেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর পরামর্শক সম্পাদক কামাল আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান।