নারায়ণগঞ্জে কার্গো ট্রলারের শ্রমিকদের ধর্মঘট অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ নৌপথে চলাচলকারী বালুবাহী বাল্কহেড (ট্রলার) শ্রমিকদের ধর্মঘট তৃতীয় দিনের মতো গতকালও অব্যাহত ছিল। নৌপথে চাঁদাবাজি ও সন্ত্রাসী তৎপরতা বন্ধের দাবিতে বাংলাদেশ কার্গো ট্রলার শ্রমিক ইউনিয়নের শ্রমিকেরা গত শনিবার থেকে এ ধর্মঘট পালন করছেন। আজ মঙ্গলবার এ বিষয়ে সমঝোতার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সভা আহ্বান করা হয়েছে। কার্গো ট্রলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, নারায়ণগঞ্জ নদীপথে প্রায় দুই হাজার বালুবাহী কার্গো ট্রলার চলাচল করে। মেঘনা সেতু থেকে মুক্তারপুর সেতু ও নারায়ণগঞ্জের মোহনায় চর ইজারাদারদের লোকজন ও ক্ষমতাসীন দলের নাম ভাঙিয়ে স্থানীয় দুর্বৃত্তরা বালুবাহী ট্রলার অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদাবাজি করছে। শ্রমিকেরা চাঁদা দিতে অস্বীকার করলে তারা মারধর করে টাকাপয়সা ও মুঠোফোন ছিনিয়ে নেয়।তিনি আরও জানান, আজ বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে এক সভা আহ্বান করা হয়েছে। সভায় নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের পুলিশ সুপার, কোস্টগার্ড, র‌্যাব, বিআইডব্লিউটিএ, সমুদ্র পরিবহন, বালুবাহী ট্রলার মালিক সমিতি, কার্গো ট্রলার শ্রমিক ইউনিয়ন, চর ইজারাদারেরা উপস্থিত থাকবেন। সেখানে ধর্মঘট নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তাঁকে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ খুরশীদ আলম জানিয়েছেন।