নারায়ণগঞ্জে কোনো বাহানায় সমাবেশ করা যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় কোনো দিবস বা অন্য কোনো বাহানায় সমাবেশ বা জমায়েত করা যাবে না। সংবাদ সম্মেলন করেও বক্তব্য দেওয়া যাবে না। এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।নির্বাচন কমিশনে নিজ কার্যালয়ে সাখাওয়াত হোসেন গতকাল সোমবার সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, কোনো কারণে যদি মনে হয় নির্বাচন সুষ্ঠু হবে না, সে ক্ষেত্রে সঙ্গে সঙ্গে নির্বাচন স্থগিত করে দেওয়া হবে। নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে। আচরণবিধি মানেননি বলে এরই মধ্যে তিনজন সম্ভাব্য মেয়র পদপ্রার্থী এবং কয়েকজন কাউন্সিলর পদপ্রার্থীকে সতর্ক করা হয়েছে।নির্বাচন কমিশনার আরও বলেন, সিটি করপোরেশন এলাকার বাইরেও নির্বাচনী প্রচারণা চালানো যাবে না। বাইরে কোনো এলাকায় যদি কোনো প্রচার-উপকরণ পাওয়া যায়, তা ভেঙে ফেলা হবে। যাঁর নামে প্রচার-উপকরণ পাওয়া যাবে, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, নির্বাচন শেষ হওয়ার আগ পর্যন্ত আপাতত সিটি করপোরেশন এলাকায় নতুন কোনো প্রকল্প নেওয়া যাবে না। শুধু চলমান প্রকল্পে অর্থ ছাড় করা যাবে।