নারায়ণগঞ্জে খুনসহ অপরাধ বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে একের পর এক খুন, অজ্ঞাতনামা লাশ উদ্ধার, ছিনতাই, ডাকাতিসহ অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তার কারণেই এসব ঘটনা ঘটছে বলে সদস্যরা অভিযোগ করেন।তবে পুলিশের দাবি, হত্যাকাণ্ডের ঘটনা অন্যান্য সময়ের চেয়ে বাড়লেও আসামিরা ঠিকই গ্রেপ্তার হচ্ছে। এখনই উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসক মনোজ কান্তি বড়ালের সভাপতিত্বে ওই সভা হয়। এতে বক্তৃতা করেন পুলিশ সুপার শেখ নাজমুল আলম, সদর উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহজাহান মিয়া, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হালিম আজাদ প্রমুখ।সভায় জেলার পাঁচটি আসনের মধ্যে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের সাংসদ সারাহ্ বেগম কবরী ছাড়া অন্য কেউ উপস্থিত ছিলেন না। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির দিন দিন অবনতি ঘটছে। গত মাসে শহরের জনাকীর্ণ আবাসিক এলাকা জামতলায় প্রকাশ্যে ছাত্রলীগের নেতা শহীদুল আলমকে হত্যা করা হলেও আসামিদের গ্রেপ্তারে পুলিশ উদাসীন। হত্যাকারী সন্ত্রাসী কারা এবং নারায়ণগঞ্জের কোন পরিবারের আশীর্বাদপুষ্ট, তা সবাই জানে। কিন্তু প্রশাসন তাদের কিছুই করেনি। নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও অপরাধীরা থাকছে ধরাছোঁয়ার বাইরে।নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হালিম আজাদ বলেন, নারায়ণগঞ্জে খুনের ঘটনা বেড়ে যাওয়ায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। মানুষদের মধ্যে সৃষ্টি হয়েছে আতঙ্ক। শহরতলির অনেক এলাকাতে ঘটনা ঘটলেও পুলিশের তেমন সহযোগিতা পাওয়া যায় না। সদর উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস ফতুল্লার শিবু মার্কেট থেকে পোস্ট অফিস পর্যন্ত সড়কটির সংস্কারের দাবি জানান। রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহজাহান মিয়া বলেন, রূপগঞ্জে ছাত্রলীগের নেতা রাসেলকে বাড়িতে ঢুকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। কিন্তু আসামি গ্রেপ্তার হচ্ছে না। সভায় হত্যাকাণ্ডের ঘটনা বাড়ার কথা স্বীকার করে পুলিশ সুপার বলেন, এসব ঘটনা ঘটলেও আসামিরা গ্রেপ্তার হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন কাজ চালিয়ে যাচ্ছে।