নারায়ণগঞ্জে খেলাঘরের জেলা সম্মেলন শুরু
মুক্তিযুদ্ধের চেতনার আলোয় আলোকিত বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে গতকাল শুক্রবার সকালে শিশু সংগঠন খেলাঘরের দুই দিনব্যাপী তৃতীয় জেলা সম্মেলন শুরু হয়েছে। সকাল ১০টায় চাষাঢ়া শহীদ মিনারে সম্মেলনের উদ্বোধন করেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির চেয়ারপারসন মাহ্ফুজা খানম। পরে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সম্মেলনের প্রথম দিনে খেলাঘরের একুশটি শাখার সহস্রাধিক শিশু অংশ নেয়। খেলাঘর জেলা শাখার সভাপতি রথীন চক্রবর্তীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লেলিন চৌধুরী, জেলা সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রুমন রেজা প্রমুখ বক্তব্য দেন। বিকেল তিনটায় কাউন্সিল অধিবেশন, সন্ধ্যায় লাঠিখেলা, সংগীত, নৃত্য ও নাট্যানুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আজ শনিবার বিকেলে চারজন শিল্পী ও সাংবাদিককে সম্মাননা দেওয়া হবে। এবার সম্মাননা পেয়েছেন সাংবাদিক শুভ রহমান, আখতার হুসেন, সুরকার সেলিম রেজা ও শিল্পী আশরাফ আলী (মরণোত্তর)।