নারায়ণগঞ্জে খেলোয়াড় খুনের ঘটনায় মামলা
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ফুটবলার রাসেল আহমেঞ্চদ (১৮) খুনের ঘটনায় মামলা হয়েছে। রাসেলের মা বিলকিস বেগম বাদী হয়ে গতকাল বুধবার সকালে ফতুল্লা মডেল থানায় ছয়জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলাটি করেন।নাম উল্লেখ করা আসামিরা হলেন ইসদাইর সুগন্ধা আবাসিক এলাকার সাইফুল, ইবন, অন্তর, ওবায়েদ হোসেন, রায়হান ও লিটন।মামলায় অভিযোগ করা হয়, আসামিরা গত মঙ্গলবার বিকেলে রাসেলকে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে হত্যা করেন। এলাকায় শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন প্রথম আলোকে বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।শুকতারা যুব সংসদের ফুটবল খেলোয়াড় ও ইসদাইর এলাকার ভ্যানগাড়ির চালক আনোয়ার মিয়ার ছেলে রাসেলকে মঙ্গলবার বিকেল পাঁচটায় ফতুল্লার ইসদাইর বুড়ির দোকানের সামনে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।