
ঢাকার সাবেক মেয়র, মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার গুলশানের বাড়ি বাজেয়াপ্ত করার পরদিন গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসন তাঁর ৫০ একর কৃষিজমি খাস খতিয়ানভুক্ত করে সরকারের হেফাজতে নিয়েছে। সাদেক হোসেন প্রায় আড়াই বছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
গত বুধবার ঢাকা জেলা প্রশাসন গুলশানে ছয়তলা ভবন বাজেয়াপ্ত করে নোটিশ ঝুলিয়ে দেওয়ার পর গতকাল ভবনের তিনতলা খালি করে দিয়েছেন বিদেশি ভাড়াটেরা। একটি বায়িং হাউসের পক্ষে রিট আবেদন করা হলে গত বুধবার এক মাস ভাড়াটেদের বিরক্ত না করার নির্দেশ দেন উচ্চ আদালত।
বায়িং হাউসের আইনজীবী জাফরুল হাসান শরীফ প্রথম আলোকে বলেন, প্রতিষ্ঠানটির পক্ষ থেকে গতকাল একটি ফ্লোর খালি করে দেওয়া হয়েছে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে বাড়িটি খালি করে দেওয়া হবে।
তবে সাদেক হোসেনের আইনজীবী মহসীন মিয়া জানিয়েছেন, সাবেক মেয়র ক্ষতিগ্রস্ত হিসেবে সাত কাঠা জমির বদলে গুলশানে এই পাঁচ কাঠা জমি পেয়েছিলেন। তা ছাড়া ওই প্লটে বাড়ি করতে সোয়া কোটি টাকা ঋণ নেন, যা শোধ হয়নি। তাঁর মতে, আইনত এই জমি বাজেয়াপ্ত করা যায় না।
তবে জেলা প্রশাসনের একজন কর্মকর্তা বলেন, এটা আদালতের বিবেচ্য বিষয়। আদালত বাজেয়াপ্ত করার সময় মালিকানা দেখবেন; সম্পদ কোথা থেকে এসেছে, তা দেখার বিষয় নয়।
সাদেক হোসেনের বাড়ি ও সম্পত্তি বাজেয়াপ্ত করার খবর গত বুধবার প্রথম আলোতে প্রকাশিত হওয়ার পর এ নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ব্যাপক আলোচনা হয়। একজন শীর্ষস্থানীয় রাজনীতিকের সম্পত্তি বাজেয়াপ্ত করা প্রসঙ্গে জেলা প্রশাসনের বক্তব্য হচ্ছে, আদালতের নির্দেশে এটা করতে হয়েছে। অন্যদিকে বিএনপির নেতারা এটাকে রাজনৈতিক উদ্দেশ্যমূলক মামলা ও সিদ্ধান্ত বলে মত দিচ্ছেন।
গত বছরের ২০ অক্টোবর গোপন ও অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাদেক হোসেনকে ১৩ বছরের কারাদণ্ড দেন আদালত। রায়ে তিনি অবৈধভাবে ১০ কোটি ৫ লাখ ২১ হাজার ৮৩২ টাকার সম্পদের মালিক হয়েছেন ঘোষণা করে ওই সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়।
সরকারের বিভিন্ন সূত্র জানায়, গাজীপুর ও নারায়ণগঞ্জে সাদেক হোসেনের নামে থাকা মোট ১০০ দশমিক ১৯৪৬ একর জমি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া চলছে।
এদিকে গতকাল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান এক ব্রিফিংয়ে সাদেক হোসেনের বাড়ি ও সম্পদ বাজেয়াপ্ত করার সমালোচনা করেন। তিনি বলেন, সাদেক হোসেনের যে সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে, মূলত এই বিশাল সম্পত্তির অধিকারী তিনি নন। এসব একটি কোম্পানির সম্পত্তি। এ কোম্পানিতে সাতজন অংশীদার আছেন। তিনি একটি ক্ষুদ্র অংশের মালিক মাত্র। তা ছাড়া সাবেক মেয়রের অনুপস্থিতিতে ওই মামলায় একতরফা রায় দেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, রূপগঞ্জে সাদেক হোসেনের ৫০ একর কৃষিজমি আদালতের আদেশে সরকারি খাস খতিয়ানভুক্ত করে সরকারের নিয়ন্ত্রণে ও হেফাজতে নিয়েছে জেলা প্রশাসন। রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল, কর্ণগোপ ও তেৎলাবো মৌজায় অবস্থিত ওই জমি দখলে নিয়ে লাল পতাকা ও সরকারি সাইনবোর্ড টাঙানোর কথা জানিয়েছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক রাব্বি মিয়া গতকাল বলেন, সাদেক হোসেনের মালিকানাধীন রূপগঞ্জ উপজেলায় ৩৪টি রেজিস্ট্রিকৃত সাফ-কবলা দলিলমূলে ক্রয়কৃত ৫০ দশমিক ৮৯০২ একর কৃষি খাসজমি (যার মূল্য ৮ কোটি ৯৩ লাখ ৫১ হাজার ৭৯৩ টাকা) রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়।
জেলা প্রশাসক বলেন, গত ২২ আগস্ট উপজেলার গোলাকান্দাইল মৌজায় ৩ দশমিক ০৯৭৫ একর, কর্ণগোপ মৌজায় ৬ দশমিক ১৫৭২ একর ও তেৎলাবো মৌজায় ৪১ দশমিক ৬৩৫৫ একর কৃষিজমি সরকারের দখল ও নিয়ন্ত্রণে নিয়ে লাল পতাকা টাঙানোর পাশাপাশি সেখানে সাইনবোর্ড দেওয়া হয়েছে।