নারায়ণগঞ্জে গণমনস্তাত্ত্বিক রোগে ২০ শ্রমিক অসুস্থ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে একটি পোশাক কারখানায় গণমনস্তাত্ত্বিক রোগে ২০ শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাঁদের শহরের খানপুরে অবস্থিত তিন শ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। রোববার সকালে ডিএনভি ক্লোথিং লিমিটেড পোশাক কারখানায় এই ঘটনা ঘটে।
অসুস্থ কয়েকজন শ্রমিক জানান, সকালে ডিএনভি ক্লোথিং লিমিটেডে প্রতিদিনের মতো শ্রমিকেরা কাজে যোগ দেন। সকাল সাড়ে ১০ টার দিকে ফিনিশিং বিভাগের শ্রমিক শাহিদা বেগম হঠাৎ করে অসুস্থ হয়ে মেঝেতে পড়ে যান। এরপর একে একে কারখানার ২০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। সহকর্মী ও কারখানার লোকজন তাঁদের নারায়ণগঞ্জ হাসপাতালে ভর্তি করে।
আদমজী ইপিজেডের মহাব্যবস্থাপক (জিএম) শাহ আলম সাংবাদিকদের জানান, ১৮ জানুয়ারি ডিএনভি কারখানার এক শ্রমিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এরপর শ্রমিকদের মধ্যে ভয়ের সৃষ্টি হয়। রোববার অসুস্থ হয়ে পড়া বেশ কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। কারখানায় উৎপাদন অব্যাহত রয়েছে।
নারায়ণগঞ্জ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাজনিন আক্তার জানান, গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হলে শ্রমিকদের হাসপাতালে আনা হয়। তাঁদের চিকিৎসা দেওয়া হয়েছে। কোনো কারণে ভয় পেলে সাধারণত এই রোগে আক্রান্ত হতে পারে।