নারায়ণগঞ্জে গাড়িচাপায় যুবক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের বন্দরে রাস্তা পার হওয়ার সময় গাড়িচাপায় আবু সাঈদ নামের এক যুবক নিহত হয়েছেন। গত বুধবার গভীর রাতে মদনগঞ্জ-মদনপুর সড়কের উপজেলার নবীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, সাঈদ (২৬) নবীগঞ্জ রওশনবাগ এলাকার মুক্তিযোদ্ধা আবদুল আজিজের ছেলে। তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন। বুধবার দিবাগত রাতে সাঈদ চা খাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হন। রাত দুইটার দিকে একটি গাড়ি তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
বন্দর থানার ওসি নজরুল ইসলাম গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ময়নাতদন্ত শেষে সাঈদের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।