নারায়ণগঞ্জে গাড়ি ভাঙচুর, আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আজ শনিবার পৃথক দুটি স্থানে ১৮ দলের অবরোধ-সমর্থকেরা বিক্ষোভ মিছিল করেছে। উপজেলার দুটি এলাকায় যানবাহন ভাঙচুর, অবরোধ ও আগুন লাগানোর ঘটনা ঘটে। নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ দুজনকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল আটটার দিকে উপজেলার তারাবো এলাকায় বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় তাঁরা ইট-পাটকেল ছুড়ে চার থেকে পাঁচটি যানবাহন ভাঙচুর করেন। একপর্যায়ে তাঁরা ঢাকা-সিলেট মহাসড়কে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। পুলিশ ধাওয়া দিলে অবরোধকারীরা ছত্রভঙ্গ হয়ে যান।

সকাল সাড়ে সাতটার দিকে অবরোধকারীরা ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের জিন্দা পার্ক এলাকায় ইলেকট্রিক করাত দিয়ে সড়কের পাশের তিন থেকে চারটি গাছ কেটে গুঁড়ি দিয়ে মদনপুর-ভুলতা-জয়দেবপুর সড়ক অবরোধ করে। এ সময় তারা সড়কে টায়ার জ্বেলে অগ্নিসংযোগ করে। পুলিশ গিয়ে গাছের গুঁড়ি সরিয়ে নিলে সড়কে যান চলাচল শুরু হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান দুটি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মঈনুর রহমান জানান, নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ফতুল্লা থেকে দুজনকে আটক করা হয়েছে।