নারায়ণগঞ্জে গাড়িতে আগুন, ভাঙচুর
নারায়ণগঞ্জে আজ বৃহস্পতিবার ১৮-দলীয় জোটের অবরোধে দুটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। ভাঙচুর করা হয়েছে ১০-১২টি গাড়ি। বিস্ফোরণ ঘটানো হয়েছে ১৫টি ককটেলের। এ সময় পুলিশের সঙ্গে অবরোধকারীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ভোর সাড়ে ছয়টার দিকে রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকায় অবরোধের সমর্থনে একটি মিছিল বের হয়। এ সময় অবরোধকারীরা একটি ট্রাকে আগুন দেয় ও কয়েকটি গাড়ি ভাঙচুর করে। একই সঙ্গে তারা সাত-আটটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। তারা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে। এতে অবরোধকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, অবরোধকারীরা ট্রাকে আগুন দেওয়ার চেষ্টা চালালে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
আড়াইহাজার উপজেলার ছনপাড়া ও ঝাউগড় এলাকায় যুবদলের কর্মীরা বিক্ষোভ করেন ও সড়কে টায়ারে আগুন দেন। তাঁরা ছয়-সাতটি ককটেলের বিস্ফোরণ ঘটান।
সকাল সাড়ে আটটার দিকে সদর উপজেলার ফতুল্লার পাগলায় যুবদলের কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, যুবদলের কর্মীরা মিছিল করে সড়ক অবরোধের চেষ্টা চালালে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।