নারায়ণগঞ্জে গাড়িতে আগুন, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের জেলা পরিষদ কার্যালয়ের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে আজ রোববার একটি বাসে আগুন ধরিয়ে দেন ১৮-দলের কর্মীরা। ছবি : পাপ্পু ভট্টাচার্য্য।
নারায়ণগঞ্জের জেলা পরিষদ কার্যালয়ের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে আজ রোববার একটি বাসে আগুন ধরিয়ে দেন ১৮-দলের কর্মীরা। ছবি : পাপ্পু ভট্টাচার্য্য।

নারায়ণগঞ্জের কয়েকটি স্থানে আজ রোববার অবরোধ চলাকালে  যাত্রীবাহী বাসসহ দুটি গাড়িতে আগুন, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে কয়েকটি ফাঁকা গুলি ছুড়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে সাতটার দিকে সদর উপজেলার ফতুল্লার চাঁদমারী এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডে অবরোধকারীরা বাঁধন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভাঙচুরের পর পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। তবে এতে কেউ হতাহত হয়নি।
সকাল সাতটার দিকে ফতুল্লার ভূইগড় এলাকায় যুবদলের কর্মীরা মিছিল থেকে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটান। তাঁরা ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড অবরোধ করার চেষ্টা করলে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বাসে আগুন দেওয়ার ঘটনাটি নিশ্চিত করেছেন।
সকাল সাড়ে সাতটায় রূপগঞ্জের ভুলতা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে বিএনপির কর্মীরা একটি ট্রাকে আগুন দেয়। এ সময় তিন-চারটি গাড়ি ভাঙচুর করা হয়। ঘটনাস্থলে পুলিশ গেলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। বিএনপি কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েকটি গুলি ছোড়ে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে, নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকা থেকে গতকাল রাতে পুলিশ মাসুম ও শাওন নামের দুজনকে আটক করেছে।

জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মঈনুর রহমান দাবি করেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বোমা তৈরি করে বিভিন্ন স্থানে সরবরাহ করার কথা স্বীকার করেছেন আটক হওয়া দুজন।