নারায়ণগঞ্জে গুণীজন সম্মাননা
‘মানব জাগো আমার দেশে দানব নাহি রবে’ স্লোগান নিয়ে নারায়ণগঞ্জে অনন্যা সাংস্কৃতিক একাডেমির ২২তম বর্ষপূর্তি ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে নগরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে নানা আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটির বর্ষপূর্তি পালন করা হয়। এ বছর অনন্যা সাংস্কৃতিক একাডেমির পক্ষ থেকে নাট্যাঙ্গনের প্রবীণ নাট্যযোদ্ধা হাবিবুর রহমানকে নারায়ণগঞ্জের বিশিষ্ট ছড়াকার প্রয়াত আবুল হাসেমকে সম্মাননা প্রদান করা হয়।
অনন্যা সাংস্কৃতিক একাডেমির উপদেষ্টামণ্ডলীর সদস্য শোভা সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, নাট্যকার, নির্দেশক নাট্যজন মান্নান হীরা, জেলা খেলাঘরের সভাপতি রথীন চক্রবর্তী, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায় প্রমুখ।
রফিউর রাব্বি বলেন, সংস্কৃতি হচ্ছে একটি দেশকে মনুষ্য উপযোগী করে তোলার প্রক্রিয়া। সংস্কৃতিহীন কেউ মানুষ যেমন হতে পারে না, তেমনি একটি জাতি যখন সংস্কৃতি হারাতে থাকে, তখন বর্বর জাতিতে পরিণত হতে থাকে।