নারায়ণগঞ্জে গুলিবিদ্ধ লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি কড়ইতলা এলাকায় হাত-পা বাঁধা অবস্থায় এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার ভোরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সহকারী পুলিশ সুপার (ক অঞ্চল) আজিম উল আহসান।

আজিম উল আহসান জানান, ভোরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে স্থানীয় লোকজন লাশটি দেখে পুলিশে খবর দিলে লাশটি উদ্ধার করে সিদ্ধিরগঞ্জে নিয়ে আসা হয়েছে। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত ওই ব্যক্তিকে অন্য কোথাও হত্যা করে এখানে লাশটি কেউ ফেলে রেখে গেছে।  লাশ উদ্ধার করে সিদ্ধিরগঞ্জ থানায় আনা হয়েছে। নিহত ব্যক্তির বুকে দুটি গুলির চিহ্ন রয়েছে। এ ছাড়া তাঁর দুটি হাত পেছন দিকে করে বাঁধা এবং মুখে স্কচটেপ লাগানো ছিল। নিহত ব্যক্তির পরনে ছিল সাদা পাঞ্জাবি ও চেক লুঙ্গি। লাশটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

এর আগে গত সোমবার বিকেলে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বড় বিল থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।