নারায়ণগঞ্জে গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা, স্বামী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে সান্ত্বনা নামে এক গৃহবধূর শরীরে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে সদর মডেল থানায় মামলা করা হয়েছে। মামলার আসামি ও সান্ত্বনার স্বামী আশরাফুল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার এজাহারে বলা হয়, সম্প্রতি আশরাফুল দ্বিতীয় বিয়ে করেন। এ নিয়ে সান্ত্বনার সঙ্গে আশরাফুলের কলহ হয়। এর জের ধরে গত ৮ ডিসেম্বর সান্ত্বনাকে শহরের শহীদনগরের বাসায় ডেকে নিয়ে আশরাফুল মারধর করেন। একপর্যায়ে আশরাফুল ও তাঁর দ্বিতীয় স্ত্রী মিলে সান্ত্বনার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। পরে আশপাশের লোকজন সান্ত্বনাকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। নারায়ণগঞ্জ সদর থানার ওসি আকতার হোসেন মামলার সত্যতা নিশ্চিত করেছেন।